• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুই বছর ধরে হিংসা চলার পর পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫
দুই বছর ধরে হিংসা চলার পর পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী
নিউজটি শেয়ার করুনঃ

দুই বছর ধরে ভারতের মণিপুর রাজ্যে হিংসা চলার পর পদত্যাগ করলেন এন বীরেন্দ্র সিং । হিংসা থামাতে ‘ব্যর্থ’ হওয়ায় মণিপুরের মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর ছিল বিরোধীরা। বছর দুয়েক আগে রাজ্যে যে জাতিগত সংঘর্ষ শুরু হয়েছিল, তা এখনও নিয়ন্ত্রণে আসেনি। শেষ পর্যন্ত রবিবার মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন বীরেন সিং। সঙ্গে ছিলেন বিজেপি এবং নাগা পিপলস ফ্রন্টের ১৪ জন বিধায়ক। ছিলেন রাজ্য বিজেপির সভাপতি এ শারদা এবং উত্তর-পূর্ব ভারতে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্রও। পদত্যাগের আগে মুখ্যমন্ত্রী দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠক করে দিল্লি থেকে ফেরেন বীরেন।

রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাজার-হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ রোখা ও অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া, দ্রুত সীমান্ত সুরক্ষিত করার মতো বিষয়ের উপরে অগ্রাধিকার দিতে হবে।

এদিকে বীরেনের ইস্তফা দেওয়ার ঘটনায় কংগ্রেস নেতা উদিত রাজ বলেছেন, যখন কংগ্রেস ওনাকে সরিয়ে দেওয়ার দাবি তুলছিল, সেটা সঠিক সময় ছিল। কিন্তু ওনাকে সরিয়ে দেওয়া হয়নি। দুটি গোষ্ঠীর মধ্যে চিরকালের জন্য সংঘাত তৈরি করে দেওয়া হল। সেইসঙ্গে তিনি বলেন, ‘সবকিছু ধ্বংস করে দেওয়ার পরে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে কোনও লাভ হবে না।