গত আগস্ট মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ২০ লাখ ডলার (২.৪২ বিলিয়ন ডলার) রেমিট্যান্স।দেশীয় মুদ্রায় এটি প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আগস্ট মাসের রেমিট্যান্স আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ কোটি ৮০ লাখ ডলার বেশি এসেছে। ২০২৪ সালের আগস্টে এই পরিমাণ ছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) মোট রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার। এটি গত অর্থবছরের (২০২৪-২৫) প্রথম দুই মাসের ৪১৩ কোটি ৮০ লাখ ডলারের তুলনায় ৭৬ কোটি ২০ লাখ ডলার বেশি, যা ১৮.৪ শতাংশের বৃদ্ধি নির্দেশ করছে।
জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে জুলাই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
এর আগে, ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ৩২৯ কোটি ডলার, যা ছিল বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় হয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল
জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার
আগস্ট: ২২২.১৩ কোটি ডলার
সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার
অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার
নভেম্বর: ২২০ কোটি ডলার
ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার
জানুয়ারি: ২১৯ কোটি ডলার
ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার
মার্চ: ৩২৯ কোটি ডলার
এপ্রিল: ২৭৫ কোটি ডলার
মে: ২৯৭ কোটি ডলার
জুন: ২৮২ কোটি ডলার