• ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ , যা বললেন দলের নেতৃবৃন্দ

Usbnews.
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ , যা বললেন দলের নেতৃবৃন্দ
নিউজটি শেয়ার করুনঃ

বিদায়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই মিছিল বের করা হয়।

ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা বিতর্কিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের রায় পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের শাস্তি দাবি করেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদের জোরালো দাবি তোলা হয় এবং এর একদিন পরই রাজপথে এই বিক্ষোভ কর্মসূচি পালন করল দলটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, নির্বাচনে কারচুপির মাধ্যমে জনমতের প্রতিফলন বাধাগ্রস্ত করার অপরাধে এই দুই ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি। পরিস্থিতি মোকাবিলায় বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

খলিলুর রহমানকে এদেশের মানুষ লন্ডন কন্সপিরেসির হোতা মনে করে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশে ইতোপূর্বে যেসব তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তবর্তী সরকার ছিল রেওয়াজ অনুযায়ী সেসব সরকারের কোনো উপদেষ্টা কোনো সরকারে যোগ দেননি। আজকে যারা সরকার গঠন করেছেন ওই দলের যথেষ্ট উপকার আপনি করেছেন। আপনার খেদফমত, আপনার উপকার, নির্বাচনে বিজয়ী করা, সরকারে আনার ব্যাপারে আপনার সার্ভিসে সরকার এতোই সন্তুষ্ট হয়েছে যে সব রাগ দুঃখ ভুলে আপনাকে এখন পররাষ্ট্র মন্ত্রী করেছে। এবারে আপনি এই সরকারকে ক্ষমতায় আনার জন্য যে ইঞ্জিনিয়ারিং করেছেন তার উপহার স্বরূপ এই পররাষ্ট্র মন্ত্রণালয়টি উপহার পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তিনি বলেন, কিছু মিডিয়া/টক শো ব্যক্তিরা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বলে থাকে তারা রগ কাটা দল বা অমুক তমুক দল। অথচ এই সবের প্রমাণ বাংলাদেশে নেই। কোনো অপপ্রচার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ঠেকাতে পারেনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের সামনে আনা হোক। বিচার বিভাগকে বলবো, আপনারা এর সুষ্ঠু তদন্ত করুন।’

নিজের কথায় নিজেই ধরা পড়ে যাচ্ছেন রিজওয়ানা: গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দৃশ্যত উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। দুঃখ ও রহস্যের জন্ম দিয়েছে তখন- যখন ভোটগণনা, ফলাফলের প্রক্রিয়া পুরোটাই ছিল ইঞ্জিনিয়ারিংয়ে ভরা। দক্ষ ইঞ্জিনিয়াররা দক্ষতার সঙ্গে কাজ করেছে। ১১টা পর্যন্ত জামায়াতের বিপুল বিজয়ের সম্ভাবনা ছিল, সেখানে রাত দশটার দিকে নির্বাচন সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। এরপরই অল্প অল্প ভোটে জামাতের পরাজয়ের খবর আসে।’

বক্তব্য রাখছেন গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
তিনি বলেন, ‘জামায়াতে আমির ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নে বলেছেন, অতীতে দেখা যায় যারা কারচুপি করে, তারা বলে আমি কলা খাইনি, ঠিক তেমনি তাদের মুখ থেকেই বেরিয়ে যাবে। রাজসাক্ষী পেয়ে গেছি আমরা। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসনকে বলছি, আপনি ব্যাখা দেওয়ার চেষ্টা করেছেন মিডিয়ায়। বলেছেন- উগ্রবাদী এবং তাদের মেইনস্ট্রিমে আসতে দেই নাই। বিরোধী দলে কোনো উগ্রবাদী নেই। সংসদে কোনো উগ্রবাদী নেই। ইসলাম কোনো চরমপন্থাকে প্রশ্রয় দেয় না। আপনারা নারীবাদী হয়ে যা বলেন তার চেয়ে হাজারগুণ মর্যাদা নারীকে দেওয়া হয়েছে।’

জামায়াত ইসলামী মবের রাজনীতি করে না জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, ‘আনন্দবাজারের সঙ্গে আবার বললেন- মবের স্বীকার হলে জামায়াত-শিবিরকেই দায়ী থাকতে হবে, এগুলো উসকানি। আপনার কথাই তো প্রমাণ আপনারা আমাদের মেজরিটি পেতে দেননি। আপনার সঙ্গে আর কে কে ছিলেন তাদের নাম প্রকাশ করুন।’

বাম সেজে দেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিক অঙ্গনে যারা চক্রান্ত করেন তারাই মেইনস্ট্রিম কী জবাব দেবেন উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনে ১৭০টিরও বেশি আসন আমরা পাব। কিন্তু পরিকল্পনা করে ১০০ এর নিচে নামানো হলো। ফলাফলপত্রে টেম্পারিং করা হয়েছে, কাটাছেড়া করা হয়েছে। অনেক এজেন্টের কাছ থেকে ফল গণনার আগেই ফলাফলপত্রে সই নেওয়া হয়েছে।’

রিজওয়ানার উদ্দেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা আপনার বক্তব্যের প্রতিবাদ করে জুডিসিয়াল তদন্ত চেয়েছি। আপনি বলে ফেললেল মবের স্বীকার হলে জামায়াত- শিবিরকে দায়ী হতে হবে। এত উত্তেজিত হলে চলবে কীভাবে?

এর আগে, ২ মার্চ চ্যানেল ওয়ানের একটি অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, ‘একটা শক্তি আছে, সেই শক্তি আগেও নারী নীতি বদলে দিয়েছে।’

সেই শক্তির একটা পার্ট এখন বিরোধীদলে, প্রশ্নকর্তার এমন মন্তব্যের পর রিজওয়ানা বলেন, ‘সেই শক্তির একটা পার্ট যদি বিরোধীদল হয়েও থাকে, আপনার আমার কাজ হবে, তাদের রাজনীতির যে অংশটা নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহনের বিরুদ্ধে, সেটুকু নিয়ে কাজ করা। কখনও যেন এ জাতীয় শক্তি মেইনস্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, আমরা তাদের মেইনস্ট্রিম হতে দেইনি।’

ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ কামাল হোসেন এমপি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, মহানগরীর কর্মপরিষদ সদস্য আবদুস সালাম, ড. মোবারক হোসাইন, শাহীন আহমেদ খান প্রমুখ।