হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে চুক্তি হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই একটি চুক্তি হতে পারে।
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে একটি সমঝোতার জন্য ইরানের আলোচকরা দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে।
প্রস্তাবিত সমঝোতায় ইরান ও ওমানের নিয়ন্ত্রণাধীন জলসীমা দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিয়ম নির্ধারণ করা হবে। তবে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, হরমুজ প্রণালি দিয়ে কোনো বাধা ছাড়াই জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে।
যুদ্ধ শুরুর আগে প্রতি সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে সাধারণত ১৩০-১৪০টি জাহাজ চলাচল করত। কিন্তু চলতি সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৩৩টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। আগের সপ্তাহের একই সময়ে এই সংখ্যা ছিল ৫০টি।
জাহাজ চলাচলের সম্ভাব্য খরচ নিয়েও মতপার্থক্য রয়েছে। রয়টার্স জানিয়েছে, ইরান পণ্যের মূল্যের ৫ থেকে ৭ শতাংশের সমপরিমাণ ফি চেয়েছে। ওমান প্রায় ৩ শতাংশ ফি নিয়ে আলোচনা করেছে। তবে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ফি আরোপের বিরোধিতা করছে।