• ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

জানুয়ারির ১,৩০৬ টাকার এলপিজি এখন ২,০৬০ টাকা, ক্রেতাকে গুনতে হচ্ছে আরও অনেক বেশি

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬
জানুয়ারির ১,৩০৬ টাকার এলপিজি এখন ২,০৬০ টাকা, ক্রেতাকে গুনতে হচ্ছে আরও অনেক বেশি
নিউজটি শেয়ার করুনঃ

বিইআরসি নভেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে, যা জানুয়ারির তুলনায় ৭৫৪ টাকা বেশি; তবে সরবরাহ সংকটে বাজারে একই সিলিন্ডার ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের।

রান্নার কাজে বহুল ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন এ দাম ঘোষণা করা হয়, যা রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। নভেম্বরের নতুন দাম অনুযায়ী, ১১ মাসে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৭৫৪ টাকা, যা প্রায় ৫৭ দশমিক ৭ শতাংশ। তবে সরকারি দামের এই হিসাবের বাইরেও ভোক্তাদের গুনতে হচ্ছে অনেক বেশি টাকা।

সরকারি নির্ধারিত দাম আর বাজারের বাস্তব চিত্রের মধ্যে বড় ব্যবধান রয়েছে। সরবরাহ সংকট ও বাড়তি দামের কারণে অনেক এলাকায় ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। কোথাও কোথাও ২ হাজার ৫০০ টাকা দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ফলে নির্ধারিত দামের চেয়ে কয়েকশ টাকা বেশি দিয়েও প্রয়োজনীয় গ্যাস না পেয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।

বছরের শুরু থেকেই এলপিজির দামে একাধিকবার উত্থান-পতন হয়েছে। জানুয়ারিতে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে ৫০ টাকা বেড়ে হয় ১ হাজার ৩৫৬ টাকা। মার্চে ১৫ টাকা কমে দাম দাঁড়ায় ১ হাজার ৩৪১ টাকা। এরপর এপ্রিলে একবারে ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। মে মাসে আরও ২১২ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ হাজার ৯৪০ টাকা।

তবে মে মাসের পর টানা দুই মাস দাম কমে। জুনে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা এবং জুলাইয়ে ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়। আগস্টে ৭০ টাকা বেড়ে দাম হয় ১ হাজার ৫৯৮ টাকা। সেপ্টেম্বরে ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকা হলেও অক্টোবরে এক ধাক্কায় ২৫২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৮৩৭ টাকা। সর্বশেষ আজ ২ নভেম্বরে আরও ২২৩ টাকা বাড়িয়ে তা ২ হাজার ৬০ টাকা করা হলো।

দামের এই ওঠানামার হিসাবে জুলাইয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল বছরের সর্বনিম্ন—১ হাজার ৫২৮ টাকা। এরপর চার মাসে দাম বেড়েছে ৫৩২ টাকা। অর্থাৎ জুলাইয়ের তুলনায় নভেম্বরের সরকারি নির্ধারিত দাম প্রায় ৩৪ দশমিক ৮ শতাংশ বেশি। আর জানুয়ারির তুলনায় বর্তমান দাম বেড়েছে ৭৫৪ টাকা।

এদিকে সরকারি নির্ধারিত দামের সাথে বাজারের বিক্রয়মূল্যের ব্যবধান নিয়েও ভোক্তাদের অসন্তোষ রয়েছে। নির্ধারিত দামে সিলিন্ডার না পাওয়া, দোকানভেদে দামের পার্থক্য এবং বেশি টাকা দিয়েও গ্যাস না পাওয়ার অভিযোগ করছেন গ্রাহকেরা। আগে থেকেই সরবরাহ সংকটে ভোগা ভোক্তাদের ওপর নতুন করে ২২৩ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত বাড়তি চাপ তৈরি করেছে।

সাধারণ ভোক্তাদের প্রশ্ন, বিইআরসি দাম নির্ধারণ করলেও বাজারে সেই দামে সিলিন্ডার বিক্রি নিশ্চিত হচ্ছে না কেন? সরকারি দামের চেয়ে কয়েকশ টাকা বেশি দিয়েও যখন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, তখন শুধু দাম নির্ধারণ করে ভোক্তাদের স্বস্তি দেওয়ার সুযোগ কোথায়? বাজারে সরবরাহ স্বাভাবিক করা, নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করা এবং অতিরিক্ত দাম আদায় বন্ধে কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।