এমজেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী সিসিক’র ভোট হবে আগামী ২১ জুন বুধবার। এবার ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে মঙ্গলবার। ২৫ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন বৃহস্পতিবার।
গতকাল সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির ১৭তম সভায় সিসিকসহ দেশের ৫ সিটি কর্পোরেশনের নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়। সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, দেশের পাঁচ সিটি কর্পোরেশনের ভোটের তারিখ চ‚ড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এসব নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরাও থাকছে। ঘোষিত তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সব সিটি নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। ভোটের আপডেট ইসির নিজস্ব কর্মকর্তারা ট্যাবের মাধ্যমে কমিশনকে জানাবেন।