• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের গোলাপগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত

usbnews
প্রকাশিত আগস্ট ৪, ২০২৪
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : সিলেটের গোলাপগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এ পর্যন্ত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। রোববার (৪ আগস্ট) সরেজমিনে সকালে জিন্দাবাজারের অবস্থা কিছুটা নমনীয় থাকলেও সকাল ১১ টার দিকে আম্বরখানা , কদমতলী, শেখঘাটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে।
সকালে যানচলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রক্তাক্ত হয়ে উঠে সিলেট।

সরেজমিনে দেখা যায় , দুপুরের পর থেকে পুরো শহরের পরিস্তিতি অবনতি হতে থাকে। আন্দোলনকারীদের ওপর পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। দুপুর ১ টার দিকে মুধুবনের সামনে কিছু লোক হটাৎ আগুন লাগিয়ে দিলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে লিপ্ত হয়।

বিকেলের দিকে আগুন এবং হামলা পাল্টা হামলা ছড়িয়ে পড়ে। সারাদিন চলে হামলা পাল্টা হামলা।

রোববার (৪ আগস্ট) রাত ৯টা পর্যন্ত পাঁচজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে একাধিক সূত্র। পরিস্থিতি থমথমে বলা জানা গেছে। সিলেট শহরতলিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে হতাহতের সংখ্যা জানা যায় নাই।

এদিকে পুলিশ সূত্রে বলা হয়েছে , গোলাপগঞ্জে আন্দোলনকারীদের উপর হামলায় হতাহত হয়েছেন অনেকেই। নিহতরা হলেন উপজেলার ধারাবাহর গ্রামের মকবুল আলীর ছেলে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকাদার (খাবার সরবরাহকারী) তাজ উদ্দিন (৪৩) ও শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮), দত্তরাইল গ্রামের মিনহাজ আহমদ (২৬), ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলাম (২২) ও গৌছ উদ্দিন (২৯)।

রাতে সিলেট এমএজি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌ‌মিত্র চক্রবর্তী বলেন, মিনহাজ ও গৌছ উদ্দিন নামের দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন কেউ মারা যাননি। তবে গোলাপগঞ্জের একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালের নি‌বিড় প‌রিচর্যা কেন্দ্রে চি‌কিৎসাধীন।

নিহতদের স্বজনরা জানান,  মিনহাজ গোলাপগঞ্জ পৌর শহরের সানরাইজ সেন্টারের পাশে একটি রেস্তোরাঁয় খেয়ে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন। তিনি ওই এলাকার মোটর ওয়ার্কশপের ব্যবসায়ী ছিলেন। নিহত নাজমুল ঢাকা দক্ষিণ বাজারে একটি জুতার দোকানের ব্যবসায়ী ছিলেন।

নাজমুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিয়ে জানা যায় , তিনি দুপুরে ঢাকা দক্ষিণ বাজারে পুলিশ ও বিজিবির সঙ্গে বিক্ষোভকারী ছাত্র-জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হন।

এর আগে দুপুরে ঢাকা দক্ষিণ বাজারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সানি আহমদ (১৮) ও তাজ উদ্দিন (৪০)। তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন।

সারাদিন সিলেট শহরের মূল সড়ক সহ বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায় , আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীনদের সাথে হামলা পাল্টা হামলা।
সংবাদ সংগ্রহে অনেক জায়গায় সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয়েছে।