এমজেড আলম ( সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান) – কোটা ইস্যুতে শেখ হাসিনার মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে বের হয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারী এক হাজারেরও অধিক শিক্ষার্থী। রোববার ( ১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিংয়ের সামনে এ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, এতে ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির, রসায়ন বিভাগের ¯্নাতকোত্তরের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিফ ও গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম গুরুতর আহত হন। আহতদের প্রত্যেকেই সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

সরেজমিনে দেখা যায় , এ ঘটনায় আজ সোমবার ( ১৫ জুলাই) শাবি ক্যাম্পাসে প্রতিবাদি বিক্ষোভ মিছিল পালন করেন আন্দোলনকে সমর্থনকারী সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১২টায় প্রধান ফটক থেকে একদল শিক্ষার্থী স্লোগান দিতে দিতে ক্যাম্পাসে প্রবেশ করেন। সহপাঠী ও আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে মিছিলে অন্তর্ভুক্ত করতে আবাসিক ছাত্রী হলের দিকে যেতে দেখা যায় এবং তাদেরকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিল পালন করেন। এসময় তাদেরকে, ’আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ‘দালালী না রাজপথ? রাজপথ রাজপথ’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে আমি কে? রাজাকার রাজাকার’, ‘মেধা না কোটা? মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে গতকাল রোববার কোটা ইস্যুতে ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরাও পাবে না? তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?’ বলে মন্তব্য করেন শেখ হাসিনা। এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রাত আনুমানিক সাড়ে ১১ টার পর আবাসিক হলগুলোতে ‘তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার’ স্লোগান দিতে শোনা যায়। পরবর্তীতে সৈয়দ মুজতবা আলী হল ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীর একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু হল হয়ে শাহপরান হলের সামনে গেলে সেখানে ছাত্রলীগের নেতাুকর্মীরা তাদেরকে বাঁধা দেন বলে জানা যায়। পরবর্তীতে মূল মিছিলে প্রায় এক হাজারেরও অধিক শিক্ষার্থী জড়ো হয়। বিক্ষোভ মিছিল পালনকালে সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিংয়ের সামনে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালালে তিনজন শিক্ষার্থী গুরুতর আহত এবং নারী শিক্ষার্থীসহ মোট প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের মিছিলটি প্রধান ফটক থেকে গোলচত্বর হয়ে আবাসিক ছাত্রী হলে গেলে সেখান থেকে প্রায় দুই থেকে তিন’শ ছাত্রী মিছিলে যোগ দেয়। পরে হাজারের অধিক শিক্ষার্থীদের নিয়ে মিছিলটি পুনরায় গোলচত্বর হয়ে ছাত্র হলের দিকে এগুতে থাকে। বিপরীত দিকে থেকে ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ছাত্র হল থেকে ক্যাম্পাস অভিমুখে একটি মিছিল নিয়ে অগ্রসর হলে সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিংয়ের সামনে দুইপক্ষ মুখোমুখী হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে মানবপ্রাচীর তৈরি করে বিক্ষোভে বাঁধা দেন। শিক্ষার্থীরা বাঁধা উপেক্ষা করে যেতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের কয়েকজনকে মারধর করেন। এতে মাথায় আঘাত পেয়ে এক শিক্ষার্থী রক্তাক্ত হন। পরবর্তীতে মিছিলটি ছাত্রলীগের বাঁধা উপেক্ষা করে ছাত্রদের আবাাসিক হলে যায়। এরপর পুনরায় এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
আহত শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিফ বলেন, ‘শান্তিপূর্ণভাবে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছিলাম। আমরা খবর পাই মিছিলে আসতে আগ্রহী হলের কিছু ভাইকে ছাত্রলীগ আসতে বাঁধা দিচ্ছে। তাই আবাসিক ছাত্র হল অভিমুখে গেলে পথিমধ্যে ছাত্রলীগ নামক সন্ত্রাসবাহিনীর সদস্যরা আমাদের মিছিলে বাঁধা দেয়। এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা করে, আমাদের বোনদের আঘাত করে, নির্মমভাবে নির্যাতন চালায়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন শাবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘হামলার কোনো ঘটনা ঘটেনি। সবার কাছে ভিডিও ফুটেজ আছে, তা দেখলেই বুঝা যাবে। আমরা সড়কের পাশে গিয়ে তাঁদের যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি।’ এছাড়া রাজনৈতিক কারণে উদ্দেশ্য প্রনোদিতভাবে এ অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘দুইপক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। পরে তা স্বাভাবিক হয়ে যায়। কেউ আহত হয়েছে কিনা শিক্ষার্থীরা এমন কোনো বিষয়ে জানাননি।’