• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ , যোগ দিয়েছে ছাত্রলীগ

usbnews
প্রকাশিত জুলাই ১৮, ২০২৪
সিলেটে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ,  যোগ দিয়েছে ছাত্রলীগ
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে থেমে থেমে সংঘর্ষ চলছে।

গত কয়েকদিন ধরে কোটা সংস্কারের এক দফা দাবিতে দেশব্যাপী ছাত্রসমাজ আন্দোলন করে আসছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ বাস্তবায়নের লক্ষ্যে বেলা ১১টা থেকেই আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বেলা ১১টায় ক্যাম্পাসে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে কয়েকজন শিক্ষার্থী ভেতরে প্রবেশ করলেও তাদের বাহির করে দেয় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। দুপুর সোয়া একটার দিকে পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শর্টগান সেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

গুরুতর আহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি। শিক্ষার্থীদের ছোঁড়া ঢিলে সিলেট মেট্রোপলিটনের পুলিশ কর্মকর্তা এসআই শাহ নজরুল আহত হয়েছেন বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায় , সাংবাদিকদের সামনেই প্রথম দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলেও এবার যোগ দিয়েছে ছাত্রলীগ। সর্বশেষ বিকেল সাড়ে ৩টার দিকে আখালিয়া এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রেণে পুলিশ গুলি ও টিয়ারশেল ছোড়ে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ, শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা যায় , এর আগে দুপুর দেড়টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশের টিয়ারশেল ও গুলিতে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হন। এসময় পাঁচ পুলিশ সদস্যও আহত হয়েছেন।

সরেজমিনে দেখা যায় , আহত শিক্ষার্থীদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, রাগীব রাবেয়া হাসপাতাল ও মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আহত পুলিশ সদস্যদের জেলা পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, কিছু দুর্বৃত্ত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা আক্রমণ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।