• ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গাজায় গণহত্যা মামলার শুনানির দিন ঘোষণা আইসিজে’র

usbnews
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৪
গাজায় গণহত্যা মামলার শুনানির দিন ঘোষণা আইসিজে’র
নিউজটি শেয়ার করুনঃ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযানরত ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে দায়ের করা মামলার শুনানি শুরুর দিন ঘোষণা করেছে জাতিসংঘের অন্যতম অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)।

গত ৩০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা এই মামলাটি করেছিল। আইসিজের ঘোষণা অনুযায়ী, আগামী ১১ ও ১২ জানুয়ারি এ মামলার শুনানি হবে।

মামলার আবেদন করার সময় আবেদনপত্রের সঙ্গে ৮৪ পৃষ্ঠার একটি নথি সংযুক্ত করে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বলা হয়েছিল, গাজায় ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক অপরাধ, যেমন— মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ, এর পাশাপাশি গণহত্যা বা এ সম্পর্কিত অপরাধের সীমারেখা লঙ্ঘন করেছে বলে তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়েছিল, ইসরাইলের এই আচরণ গণহত্যামূলক। কারণ তারা ফিলিস্তিনি জাতির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই হামলা চালাচ্ছে।

গত ৩০ তারিখ আবেদনপত্র জমা দেওয়ার সময় আইসিজেকে দ্রুত এ বিষয়ে শুনানির অনুরোধ করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই অনুরোধে সাড়া দিয়েই ১১ জানুয়ারি শুনানি শুরুর দিন ধার্য করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইসিজে। পাশাপাশি শুনানিতে উপস্থিত থাকতে ইসরাইলকে প্রতিনিধি পাঠানোর জন্য সমনও পাঠিয়েছেন জাতিসংঘের আদালত।

আইসিজের সমনের প্রতিক্রিয়ায় জাতিসংঘে ইসরাইলি মিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মামলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ইসরাইলের মানহানির চেষ্টা করা হচ্ছে এবং ইসরাইল অবশ্যই সেই চেষ্টা ব্যর্থ করে দেবে।’

গাজায় ফিলিস্তিনিদের হত্যাসহ শারীরিক ও মানসিক নির্যাতন এবং মানুষের জীবন বিপর্যস্ত করে তোলা হয়েছে বলেও মামলার আবেদনে বলা হয়।

আন্তর্জাতিক বিচার আদালত, যেটিকে বিশ্ব আদালতও বলা হয়। এটি একটি জাতিসংঘের দেওয়ানি আদালত। যা দেশগুলোর মধ্যে বিরোধের বিচার করে। এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা, যা যুদ্ধাপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে থাকে। জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল উভয় দেশ এই আদালতের আওতাধীন।

ফিলিস্তিনের শরণার্থী বিষয়ক জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি গাজার অসহনীয় পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের ব্যাপকভিত্তিক বোমাবর্ষণের কারণে গাজা উপত্যকায় যেমন রক্তপাত হচ্ছে, তেমনি সেখানে বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে। গাজায় এখন সাধারণ জীবনযাপন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

ফিলিপ লাজারিনি তার ওই পোস্টে আরো বলেন, গত তিন মাসের যুদ্ধে গাজায় লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে, বহু সংখ্যক মানুষের জীবনহানি ঘটেছে এবং আহত হয়েছে তার চেয়ে অনেক বেশি মানুষ, ব্যাপক ভিত্তিক ধ্বংসযজ্ঞও চালানো হয়েছে। সবকিছু মিলে সেখানকার পরিস্থিতি এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বাধা বিঘ্নহীনভাবে বিদ্বেষমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে যা থামানোর কেউ নেই।