• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভ্যালেন্সিয়াকে ফের উড়িয়ে দিয়ে ফাইনালে বার্সা

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৫
ভ্যালেন্সিয়াকে ফের উড়িয়ে দিয়ে ফাইনালে বার্সা
নিউজটি শেয়ার করুনঃ

দুই সপ্তাহ আগেই লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার জালে ৭ গোলের উৎসব করেছিলেন। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালেও ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসাল বার্সেলোনা। ফেরান তোরেসের দুর্দান্ত এক হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে পৌঁছে গেছে কাতালানরা।

ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোলের দেখা পায় বার্সা। বাঁ দিক থেকে আলেহান্দ্রো বাল্দে চমৎকার পাস দেন বক্সে, ছুটে গিয়ে প্রথম স্পর্শে নিচু শটে বল জালে পাঠান ফেররান তরেস। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে ১৭ মিনিটে আবারও জালে বল জড়ান তরেস। এবার অবশ্য ইয়ামালের শট গোলরক্ষকের পা ছুঁয়ে পোস্টে লেগে ফেরার পর জোরাল শটে জালে পাঠান তিনি। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরের সাহায্য নিয়ে গোল দেন।

মাত্র ৫ মিনিট পর ফারমিন লোপেজ আরও একটি কাউন্টার অ্যাটাক থেকে তৃতীয় গোল করেন। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৩০ মিনিটে বক্সের প্রান্ত থেকে চমৎকার এক শটে বার্সাকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন তোরেস, পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

বিরতির পর বার্সা আক্রমণের গতি কিছুটা কমালেও ৫৯তম মিনিটে ইয়ামাল পঞ্চম গোলটি করেন। ভ্যালেন্সিয়ার গোলকিপার স্টোলে দিমিত্রিয়েভস্কি বল হাতে রাখতে ব্যর্থ হয়ে জালের ভেতরে পাঠিয়ে দেন।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুই সপ্তাহের মধ্যে বার্সেলোনার দ্বিতীয় বড় জয় এটি। এর আগে তারা লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৭-১ ব্যবধানে হারিয়েছিল হান্সি ফ্লিকের শিষ্যরা। ভ্যালেন্সিয়া বর্তমানে লিগ টেবিলের নিচ থেকে দ্বিতীয় অবস্থানে থেকে অবনমন এড়ানোর লড়াই করছে।

টিভিই-কে দেওয়া সাক্ষাৎকারে তোরেস বলেন, ‘পিচের বাইরে আমি ভ্যালেন্সিয়ার একজন সাধারণ ভক্ত। আমার শৈশবের ক্লাবকে এমন অবস্থায় দেখতে কষ্ট লাগে। আমি তাদের শুভকামনা জানাই।’

আগামী বুধবার সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।