• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

৫ আগস্ট সিলেটে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা

Usbnews.
প্রকাশিত আগস্ট ৫, ২০২৪
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম , ইউএসবি নিউজ : শেখ হাসিনার পদত্যাগের পর আজ সোমবার (৫ আগস্ট) সিলেটে পুলিশ সুপারের কার্যালয় ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শেখ হাসিনা সরকারের পতনে বিজয়োল্লাসের পর এবার সিলেট নগরের সুবহানীঘাট পুলিশ ফাঁড়ি ও পুলিশ সুপার কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা, আওয়ামীলীগ ও ১৪ দলের নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় পুলিশও হামলাকারীদের প্রতিহত করতে শর্টগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এর আগে নগরে পুলিশ সুপারের কার্যালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগ ও চৌদ্দ দলের নেতাকর্মীদের বাড়িতে হামলারও খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সোয়া তিনটার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিসংযোগ করে একদল লোক। এ সময় পার্শ্ববর্তী বন্দরবাজার পুলিশ ফাঁড়িতেও হামলা চালানো হয়।

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সরাট তালুকদার বলেন, পুলিশের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় হামলার খবর পাওয়া যাচ্ছে। পুলিশ কার্যালয়ে আগুন দেওয়ার খবর জেনেছি। কিন্তু বর্তমানে কি অবস্থায় আছে সেটা জানা যাচ্ছে না। কারো সঙ্গে যোগাযোগ করাও যাচ্ছে না।

সিলেটে পুলিশের স্থাপনা, নেতাদের বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই মিছিল নিয়ে একদল মানুষ নগরের শাপলাবাগ এলাকায় যায়। সেখানে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাসভবন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

পৃথকভাবে আরও কয়েকটি দল নগরীর পূর্ব শাপলাবাগ এলাকায় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, গোপালটিলা এলাকায় অবস্থিত সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য (এমপি) রণজিত চন্দ্র সরকার এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সহসভাপতি আসাদ উদ্দিন এবং জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর চালায়।

এ ছাড়া নগরীতে আওয়ামী লীগ-সমর্থিত অনেক ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের ব্যবসাপ্রতিষ্ঠান মাহাতে ভাঙচুর ও লুটপাট হয়েছে। সিলেটে সবচেয়ে বড় কয়েকটি কাপড়ের দোকানের মধ্যে এটি একটি। নগরের নয়াসড়ক এলাকায় প্রতিষ্ঠানটি অবস্থিত।

সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ তাঁর বাসায় ভাঙচুরের বিষয়টি স্বীকার করেন।

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খানের মুঠোফোনে কল করলে তিনি কেটে দেন। পরে মহানগর পুলিশের শীর্ষ পর্যায়ের দুজন কর্মকর্তার মুঠোফোনে কল করলে তাঁরাও ধরেননি।

এদিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে সিলেটে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্র-জনতা মিছিল করছেন। বৃষ্টিতে ভিজে হাজার হাজার মানুষ নগরের বিভিন্ন রাস্তায় বিজয় মিছিল বের করেন।