নরওয়ের নোবেল কমিটি জুলাই মাসে জাপানে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে।কমিটি গত বছর হিরোশিমা ও নাগাসাকির আণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী একটি দল নিহোন হিদানকিয়োকে নোবেল শান্তি পুরষ্কার প্রদান করে।
কমিটির কর্মকর্তারা এনএইচকে-কে জানান যে জুলাইয়ের শেষ নাগাদ নিহোন হিদানকিয়োর পুরস্কার লাভ উপলক্ষ্যে টোকিওতে তারা যে অনুষ্ঠানের পরিকল্পনা করছেন, তাতে পরমাণু অস্ত্র হ্রাসের পাশাপাশি অস্ত্র নিয়ন্ত্রণের উপর আলোকপাত করা হবে।
কর্মকর্তারা বলেন যে তারা হিরোশিমা এবং নাগাসাকিতে নরওয়ের নোবেল কমিটির চেয়ারপারসন ইয়েরগেন ফ্রিডনেসের সফরের কথাও বিবেচনা করছেন।
নরওয়ের নোবেল কমিটির ভাষ্যানুযায়ী, চেয়ারম্যানের পদে আসীন কারো জাপান সফরের কোনও রেকর্ড নেই, যার অর্থ ফ্রিডনেস হবেন সম্ভবত প্রথম ব্যক্তি যিনি এটি করবেন।
জাপানের শহরগুলোতে আণবিক বোমা হামলার ৮০ বছর পূর্ণ হওয়ায় কমিটিটি পারমাণবিক নিরস্ত্রীকরণের গতি বাড়ানোর চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।