তাইওয়ান প্রণালীর ওপর আরো তিনটি চীনা বেলুন শনাক্ত করার দাবি করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমনকি এসব বেলুনের একটি দ্বীপটি অতিক্রম করেছে বলেও জানিয়েছে তাইওয়ানি পক্ষ। গত মাসেও তারা এ ধরনের বেলুন দেখেছিল বলে জানিয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কড়া ভাষায় বিমান চলাচলের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি এবং তাদের জাতীয় নির্বাচনের আগে দিয়ে জনগণের ওপর মনোস্তাত্ত্বিক চাপ প্রয়োগ হিসেবে অভিহিত করেছে।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি। তারা গত মাসেও অভিযোগের জবাবে কিছু বলেনি।
চীনারা গুপ্তচরবৃত্তির কাজে বেলুন ব্যবহার করছে- এমন শঙ্কা গত ফেব্রুয়ারিতে বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছিল। ওই সময় যুক্তরাষ্ট্র চীনা নজরদারি বেলুন হিসেবে অভিহিত করে একটিকে গুলি করে ভূপাতিত করেছিল। চীনারা বলেছে, বেলুনটি ছিল বেসামরিক যন্ত্র, এটি দুর্ঘটনাক্রমে বিচ্যুত হয়েছিল।
আগামী শনিবার তাইওয়ানে প্রেসিডেন্ট এবং পার্লামেন্টারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগ দিয়ে তারা চীনা সামরিক ও রাজনৈতিক তৎপরতার ব্যাপারে খুবই সতর্ক রয়েছে। তারা জানিয়েছে, নির্বাচনে হস্তক্ষেপ করতে তারা সামরিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।
চীনারা মনে করে যে তাইওয়ান তাদের মূল ভূখণ্ডের অংশবিশেষ। তবে তাইওয়ান এই দাবি প্রত্যাখ্যান করে।
গত মাস থেকেই তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে চীনা বেলুন উড়ার বেশ কয়েকটি ঘটনার কথা জানিয়েছে। তারা আরো জানিয়েছে, গত সপ্তাহে কয়েকটি বেলুন প্রধান বিমান ঘাঁটিগুলোর কাছ দিয়ে তাইওয়ান দ্বীপ অতিক্রম করেছে।
সোমবার সর্বশেষ ঘটনা সম্পর্কে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দৈনন্দিন প্রেস ব্রিফিংয়ে গত ২৪ ঘণ্টায় চীনা সামরিক তৎপরতা সম্পর্কে অবগত করে জানায় যে রোববার প্রণালীর স্পর্শকাতর মধ্যরেখার ওপর দিয়ে তিনটি বেলুন ওড়ে গেছে।
এতে আরো বলা হয়, এগুলোর মাত্র একটি দ্বীপটির দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করে অদৃশ্য হয়ে গেছে।
সোমবার ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হসিয়াও বি-খিম বলেন, তাইওয়ানকে হয়রানি করা বন্ধ করা উচিত চীনের।
তিনি বলেন, ভীতি প্রদর্শন এবং হস্তক্ষেপ করার হুমকি আমরা কখনো ভালোভাবে নেই না।
তাইওয়ানের বৃহত্তম বিরোধী দল কুমিনটাংয়ের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জাও শাও-কং নির্বাচনের আগে প্রণালীর ওপর দিয়ে বিমান ও যুদ্ধজাহাজ চলাচল না করার আহ্বান জানান।
তাইওয়ান প্রণালীর মধ্য রেখাটি অতীতে তাইওয়ান ও চীনের মধ্যকার বেসরকারি সীমানা হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এখন নিয়মিতভাবেই চীনা যুদ্ধবিমান ও ড্রোন তা অতিক্রম করে।
গত সপ্তাহে চীনের তাইওয়ানবিষয়ক অফিস জানায়, প্রণালীর মধ্যরেখার অস্তিত্ব কখনো ছিল না।
সূত্র : রয়টার্স