যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার পেনসিলভানিয়ার ডেলাওয়ার কাউন্টির ক্রামলিনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম ফিরোজ আলম ওরফে জাহাঙ্গীর (৫৫)। নিহত ফিরোজ আলম জাহাঙ্গীর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছালামত উল্লা মেম্বারবাড়ির জুলফিকার আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।আমেরিকায় আস্যালাইম কেসের মাধ্যমে ওয়ার্ক পারমিট পাওয়ার পর তিনি উবাররে কাজ করছিলেন। দেশে থাকতে জাহাঙ্গীর কোম্পানীগঞ্জ উপজেলার নুরজাহান আসমত চৌধুরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। একটি টয়োটা কার ফিরোজ আলমের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে এবং নিহত ফিরোজ আলমের লাশ উদ্ধার করে।