• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বেশ কয়েকটি ব্র্যান্ডের স্যুটকেসের মধ্যে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান আছে

usbnews
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৩
বেশ কয়েকটি ব্র্যান্ডের স্যুটকেসের মধ্যে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান আছে
নিউজটি শেয়ার করুনঃ

বেশ কয়েকটি ব্র্যান্ডের স্যুটকেসের মধ্যে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান পাওয়া গেছে বলে জানিয়েছে হংকংভিত্তিক ভোক্তা পর্যবেক্ষণকারী সংস্থা দ্য কনজ্যুমার কাউন্সিল। সংস্থাটি জানিয়েছে, ক্যানসারের পাশাপাশি এসব রাসায়নিক উপাদান শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করে এবং পুরুষের প্রজনন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। এ জন্য স্যুটকেস ও লাগেজের হাতল ধরার পর সাবান দিয়ে ভালো করে হাত ধোওয়ার আহ্বান জানিয়েছে দ্য কনজ্যুমার কাউন্সিল।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে দ্য কনজ্যুমার কাউন্সিল। প্রতিবেদনে সংস্থাটি বলেছে, তারা নমুনা হিসেবে ১৫টি স্যুটকেস পরীক্ষা করে দেখেছে, যার মধ্যে একটি ব্র্যান্ডের স্যুটকেসে ইউরোপীয় ইউনিয়নের নির্ধারণ করে দেওয়া সীমার চেয়ে ৪৫ গুণ বেশি ডিইএইচপি রাসায়নিক পাওয়া গেছে। অন্য একটি ব্র্যান্ডের স্যুটকেসে উচ্চ মাত্রায় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস (পিএএইচএস) পাওয়া গেছে।

কনজ্যুমার কাউন্সিলের জনসংযোগ কমিটির চেয়ারম্যান কিরাস সিউ কিং–ওয়েই বলেন, ‘শিশুদের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত করতে পারে ডিইএইচপি। ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার গবেষকেরা এ ব্যাপারে প্রমাণ পেয়েছেন। এ ছাড়া পুরুষের প্রজনন ক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করা এবং অন্তঃসত্ত্বা নারীর ভ্রুণ বেড়ে ওঠা বাধাগ্রসত করতে পারে বলে তাঁরা মত দিয়েছেন।”

কনজ্যুমার কাউন্সিল জানিয়েছে, পরীক্ষার সময় তারা তিনটি ব্র্যান্ডের স্যুটকেসে উচ্চ মাত্রায় ডিইএইচপি পেয়েছে। এর মধ্যে ডেলসে প্যারিস ব্র্যান্ডের একটি স্যুটকেসে এই রাসায়নিক ৪ দশমিক ৬ শতাংশ পাওয়া গেছে। তবে ডেলসে প্যারিস অভিযোগ অস্বীকার করে বলেছে, একই মডেলের অন্য স্যুটকেস পরীক্ষা করে তারা ডিইএইচপি পায়নি।

ডেলসে প্যারিসের এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে কনজ্যুমার কাউন্সিলের প্রধান নির্বাহী গিলি ওং ফাং–হ্যান বলেন, আমরা নিরপেক্ষ পরীক্ষাগারে স্যুটকেসগুলো পরীক্ষা করেছি। বিভিন্ন কারণে পরীক্ষার ফল আলাদা আলাদা হতে পারে।

কনজ্যুমার কাউন্সিল আরও জানিয়েছে, হলমার্ক ডিজাইন কালেকশন নামের আরেকটি ব্র্যান্ডের স্যুটকেসেও দুই ধরনের পিএএইচএস পাওয়া গেছে। এই রাসায়নিক থেকে মানবদেহে ক্যানসার সৃষ্টি হতে পারে। তবে হলমার্ক ডিজাইন বলেছে, কনজ্যুমার কাউন্সিলের পরীক্ষায় তাদের স্যুটকেসে পিএএইচএস পাওয়া গেলেও তা ইউরোপীয় ইউনিয়নের নির্ধারণ করা সর্বোচ্চ সীমা অতিক্রম করেনি।