আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফশিল ঘোষণার দিনক্ষণ একান্তই কমিশনের সিদ্ধান্তে হবে। এছাড়াও নির্বাচনের পূর্ব প্রস্তুতি পর্যবেক্ষণে সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) প্রতিনিধি দল দেশে আসবেন বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ ৪ আগস্ট নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সচিব বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের সব কার্যক্রম চলছে। প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন, সেই অনুযায়ী প্রস্তুতি এগোচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে বাদ পড়া প্রায় সাড়ে ৪৪ লাখ ভোটারের খসড়া তালিকা ১০ আগস্ট প্রকাশ করা হবে এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সংশোধিত আইনে ভোটের এক মাস আগে সম্পূরক তালিকাও প্রকাশ করা হবে।
রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে সচিব বলেন, ১৪৫টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে ৮০টি দল ঘাটতি পূরণের জন্য কাগজ জমা দিয়েছে, ৬টি দল সময় চেয়েছে এবং ৫৯টি দল কোনো জবাব দেয়নি। বিষয়গুলো কমিশনে পাঠানো হবে। সীমানা নির্ধারণ বিষয়ে জানান, ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণের পর শুনানি শেষে আগস্টের মধ্যেই চূড়ান্ত করা হবে। তিনি আরও জানান, নির্বাচনী ম্যানুয়াল দ্রুত সম্পন্ন করা হবে, ভোটগ্রহণ কর্মকর্তাদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচনী সামগ্রী ক্রয় সম্পন্ন হবে। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে প্রায় ৪৮ কোটি টাকার প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইসিকে মেরুদন্ডহীন কমিশন বলার পরিপ্রেক্ষিতে সিনিয়র সচিব বলেন, নির্বাচন কমিশনের মেরুদ- আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশনের মেরুদন্ড থাকলে আমি কীভাবে দাঁড়িয়ে আছি? আমি তো নির্বাচন কমিশনেরই অংশ।