• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে -মওদুদ আহমদ

usbnews
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০১১
নিউজটি শেয়ার করুনঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশের অর্থনীতি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকারদলীয় অদক্ষ লোক নিয়োগ দেয়া হয়েছে। এ কারণে দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ভাসানী মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ওলামাদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওলামাদলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ওলামাদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তৈমুল আলম খন্দকার, সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক প্রমুখ।

মওদুদ আহমদ আরো বলেন, শেয়ারবাজারে সাম্প্রতিক ব্যাপক দরপতনে ২ কোটি মানুষ পথে বসেছে। ৩ কোটি বেকার কর্মক্ষম যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি সরকার। এছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা রাখতে পারছেনা। তিনি বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষমতা সরকারের নেই। জনগণেরও এখানে কিছুই করার নেই। পরবর্তী সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিবে। দেশ পরিচালনার সকল ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।