• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাকসু নির্বাচনের নতুন তফসিল ঘোষণা, ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণ

Usbnews.
প্রকাশিত আগস্ট ১০, ২০২৫
জাকসু নির্বাচনের নতুন তফসিল ঘোষণা, ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণ
নিউজটি শেয়ার করুনঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে সিনেট ভবনে সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। ১৪ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ১৭ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি।

১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত এবং ২৫ আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে ২৬ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি শেষে বিকাল ৪টায় রায় ঘোষণা করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ২৯ আগস্ট বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। একই দিন বিকাল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।

নির্বাচন কমিশনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এরআগে ৩০ এপ্রিল জাকসু তফসিল ঘোষণা করলেও বিভিন্ন জটিলতায় তা পরবর্তীতে বাতিল করা হয়।