• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শুধু মনোনয়ন ফরম নিলেন ছাত্রদল নেতারা, প্যানেলে পদ ঠিক করবেন তারেক রহমান

Usbnews.
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫
শুধু মনোনয়ন ফরম নিলেন ছাত্রদল নেতারা, প্যানেলে পদ ঠিক করবেন তারেক রহমান
নিউজটি শেয়ার করুনঃ

সোমবার (১৮ আগস্ট) দুপুরের পর থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের একাধিক নেতাকে আলাদা আলাদাভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা যায়।

দুপুরের পরে মনোনয়ন ফরম নেন বিএম কাউসার, আবিদুল ইসলাম খান সহ একাধিক নেতা। বিকাল সাড়ে ৩টার দিকে মনোনয়ন ফর্ম নিতে আসেন তানভীর বারী হামিম। তিনি ফরম নেওয়া পর সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের প্যানেল এখনো চুড়ান্ত হয়নি। আজ রাতের মধ্যেই তারেক রহমান পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন। তার আগে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।”

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান সাংবাদিকদের জানান, “আমরা এখন শুধু মনোনয়ন ফরম সংগ্রহ করছি। তবে কারা কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেবেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই ডাকসুতে ছাত্রদলের প্যানেল গঠিত হবে।”

ছাত্রদল সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সংগঠনটির ভেতরে সম্ভাব্য প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয়েছে। তবে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় রাজনীতির সঙ্গে সরাসরি সম্পর্ক থাকার কারণে শেষ সময়ে তারেক রহমানের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতাদের মধ্যে ওবায়দুল্লাহ রেদওয়ান সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এবং জারিফ রহমান তথ্য ও গবেষণা সম্পাদক পদে মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানা গেছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ষষ্ঠ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬৪ জন প্রার্থী। একই দিনে বিভিন্ন হল সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন আরও ১০৮ জন।

গতকাল রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জসীম উদ্দিন বলেন, ষষ্ঠ দিনে ডাকসুর বিভিন্ন পদে ৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ জন, সহকারী সাধারণ সম্পদাক (এজিএস) পদে ৩ জন, সম্পাদক পদে ২৩ জন এবং সদস্য পদে ৩২ জন। মনোনয়ন জমা দিয়েছেন ২৫ জন।

প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ৬ দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২৫ জন। তাদের মধ্যে ভিপি পদে ১৯ জন, জিএস পদে ২ জন, এজিএস পদে ৫ জন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮ জন।