এমজেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : সকালেই সরেজমিনে দেখা যায় , সিলেটে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হামলা পাল্টা হামলা চলতে থাকে।শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও অবস্থান করতে দেখা গেছে। আন্দোলনকারীদের ঠেকাতে নগরীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ। এর আগে দুপুর থেকে বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে তাদের।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা থেকে তুমুল বৃষ্টি উপেক্ষা করে সিলেট নগরীর প্রধান প্রধান অলিগলিতে নেমে আনন্দ মিছিল শুরু করেন। এসময় শেখ হাসিনা, আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থী থেকে শুরু করে আমজনতা।
হাজারও মানুষের স্লোগানে প্রকম্পিত হচ্ছে সিলেট। বিশেষ করে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার ও চৌহাট্টা শহীদ মিনারের সামনে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উচ্ছ্বসিত জনতা রাস্তায় অবস্থান করছিলেন।
এর আগে বিকেল ৩টার দিকে শেখ হাসিনার পতনের খবর পেয়ে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের সঙ্গে নানা শ্রেণিপেশার মানুষ এসে যোগ দেন আনন্দ মিছিলে। থেমে থাকেনি নারীরাও। কিশোরী থেকে শুরু করে মধ্য বয়সী নারীরাও এসেছেন ইতিহাসের সাক্ষি হতে। অনেকের হাতে লাঠিসোঠাও দেখা গেছে।
সরেজমিনে , নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুবিদবাজার, মদিনা মার্কেট, লামাবাজার, সোবহানীঘাট, উপশহরসহ ঘুরে দেখা গেছে, প্রতিটি সড়কেই আনন্দ মিছিল করছেন সাধারণ মানুষ। বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন নানা শ্রেণিপেশার মানুষ। উচ্ছ্বাসিত জনতার নানা স্লোগানে প্রকম্পিত হতে থাকে সিলেট।
বিভিন্ন স্থানে মিস্টি বিতরণ করতে দেখা গেছে। এসময় একে অপরকে মিষ্টি খাইয়ে বিজয় উদযাপন করেন। অনেকে দেশাত্মবোধক গান গেয়ে আনন্দ করেন।
সরেজমিনে দেখা যায় , সোমবার (৫ আগস্ট) দুপুর ৩টার পর থেকে এসব ভাঙচুর শুরু হয়। ভয়-আতঙ্কে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত সিলেটে বিক্ষোভকারীদের হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এছাড়া কোতোয়ালি থানা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজারসহ বিভিন্ন থানা, লামাবাজার পুলিশ ফাঁড়ি, সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। হামলা করা হয়েছে নগরের শাপলাবাগ এলাকায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও গোপালটিলা এলাকায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রনজিত সরকারের বাসায়।
অন্যদিকে, নগরীর পূর্ব শাপলাবাগ এলাকায় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, গোপালটিলা এলাকায় সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) রণজিত চন্দ্র সরকার এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সহ-সভাপতি আসাদ উদ্দিনের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়।
এছাড়া সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, মহানগর যুবলীগের সভাপতি আলমকান মুক্তির বাসায়ও হামলার খবর পাওয়া গেছে।