অবশেষে মাঠের দিকে রওনা দিলো পাকিস্তান ক্রিকেট দল। এশিয়া কাপে পাকিস্তান, ভারত ম্যাচে ক্রিকেটারদের হাত না মেলানো বিষয় নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। সে ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দিতে আইসিসির কাছে লিখিত দাবি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংস্থাটির অভিযোগ ছিল, টসের সময় রেফারি নিজেই পাকিস্তান অধিনায়ককে বলেন, হাত মেলানোর দরকার নেই। তবে পিসিবির এমন দাবি নাকচ করে দেয় ক্রিকেটীয় সংস্থা। এরমধ্যেই গুঞ্জন ওঠে, আর এশিয়া কাপে খেলবে না পাকিস্তান।
আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার কথা থাকলেও তা এক ঘণ্টা পেছানো হয়। এরই মধ্যে লাহোরে সংবাদ সম্মেলন করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) সভাপতি। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সাড়ে ছয়টায়। তবে তা এক ঘণ্টা পেছানো হয় বলে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র আমির মীর। লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে মীর সাংবাদিকদের বলেন, ‘পিসিবি চেয়ারম্যান বোর্ডের সাবেক প্রধান রমিজ রাজা ও নাজাম শেঠির সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনার পাশাপাশি দুবাইয়ের সঙ্গেও যোগাযোগ রাখছেন। ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পেছানো হয়েছে’। ইতিমধ্যেই সালমান আগাদের বহনকারী টিম বাস দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে রওনা দেয় বলে জানায় বার্তা সংস্থা পিটিআই।