• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘ধানমন্ডিতে গোপন বৈঠকে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা’

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫
‘ধানমন্ডিতে গোপন বৈঠকে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা’
নিউজটি শেয়ার করুনঃ

‘ধানমন্ডিতে গোপন বৈঠকে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা’-এটি দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, অফিসের ভেতরে চলছে ব্যবসা পরিচালনার কার্যক্রম। সাধারণ মানুষের আনাগোনা থাকলেও যে কেউ দেখলে মনে করবে করপোরেট অফিসের কাজে কর্মকর্তা-কর্মচারীরা সবাই ব্যস্ত। তবে বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও গোপনে অফিসের ভেতরে বৈঠকে চলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী নানা ভয়ঙ্কর পরিকল্পনা। যে অফিসটির কথা বলা হচ্ছে সেটি ধানমন্ডিতে অবস্থিত ৬৪/এ শহীদ বুদ্ধিজীবী সড়কে ঢাকা-৭ আসনের সাবেক এমপি, ভূমিদস্যুতাসহ নানা অপরাধের হোতা হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের করপোরেট কার্যালয় মদিনা স্কয়ার। বর্তমানে অফিসটির সার্বিক পরিচালনার দায়িত্বে আছেন তার এক ছেলে আওয়ামী লীগের নেতা এরফান সেলিম। গত বছরের ৫ আগস্টের পর তিনি পালিয়ে গেছেন ভারতে।

বর্তমানে ধানমন্ডির ওই অফিসটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন একাধিক মামলার আসামি ও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এ কে এম ইকবালসহ ৯ জন। তাদের সবার বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অর্থায়নের অন্তত হাফ ডজন করে মামলা রয়েছে। এরমধ্যে ভাটারা, উত্তরা পশ্চিম থানা, পল্লবীসহ ছয়টি থানার মামলার তদন্ত প্রায় থমকে রয়েছে। সম্প্রতি নয়া দিগন্তের অনুসন্ধান ছাড়াও গোয়েন্দা তথ্য ও একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অনুসন্ধানে জানা গেছে, মদিনা গ্রুপের অফিসে বসে রাষ্ট্রের বিরুদ্ধে যারা নিয়মিত বৈঠক করছেন এবং শত কোটি অর্থায়ন করছেন তাদের অন্যতম ও একাধিক মামলার আসামি নির্বাহী পরিচালক এ কে এম ইকবাল ছাড়াও হাজী সেলিমের পিএস সাহেল হাওলাদার, মদিনা গ্রুপের ট্রেডিং ম্যানেজার সৈয়দ জসিম উদ্দিন, মদিনা গ্রুপের ম্যানেজার (অর্থ) কায়সার হোসেন, মদিনা গ্রুপের পাথর সেকশনের ম্যানেজার শহীদ হাসান খান, মদিনা গ্রুপের রড ম্যানেজার কামরুল হাসান, মদিনা গ্রুপের ম্যানেজম্যান্ট ম্যানেজার হেলাল উদ্দিন ও অফিসের কর্মকর্তা বিল্লাল হোসেন এবং এম আবিদুর রহমান। তাদের ৯ জনের মধ্যে ৮ জনই নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পদধারী।