সব ঠিক থাকলে বাংলাদেশ সময় আজ শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে চাঁদের পাথুরে পৃষ্ঠে অবতরণ করতে যাচ্ছে জাপানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশযান ‘মুন স্নাইপার’। স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম) নামে পরিচিত মহাকাশযানটির মাধ্যমে পঞ্চম দেশ হিসেবে চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণের স্বপ্ন দেখছে পূর্ব এশিয়ার দেশটি। এর আগে শুধু যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন ও ভারত এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে
জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জেএএক্সএ এবং খেলনা নির্মাতা প্রতিষ্ঠান তাকারা তোমি যৌথভাবে মহাকাশযানটি নির্মাণ করেছে। চন্দ্রপৃষ্ঠের ৩৩০ ফুট এলাকার মধ্যে এটির অবতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাধারণত, চাঁদে অন্যান্য মহাকাশযানের অবতরণ অঞ্চল কয়েক কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। দুটি ব্যর্থ চন্দ্রাভিযান এবং সম্প্রতি উৎক্ষেপণের পর একটি রকেট বিস্ফোরিত হওয়ায় এবারের অভিযানের সফলতা নিয়ে বেশ আশাবাদী জাপান।
যেখানে মহাকাশযানটির অবতরণের কথা সেখানে চাঁদের পৃষ্ঠ ও কেন্দ্রের মধ্যবর্তী অঞ্চলে সহজে পৌঁছানো সম্ভব বলে ধারণা বিজ্ঞানীদের। টোকিও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তোমোকাতসু মোরোতা বলেন, এখানে থাকা পাথর চাঁদ ও পৃথিবীর উৎস অনুসন্ধানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তিনি আরো জানান, এই অভিযানের মাধ্যমে চাঁদের ইতিহাস সম্পর্কে তথ্য অনুসন্ধানের আশা করা হচ্ছে। এ ছাড়া চাঁদে পানির উৎসর রহস্য উদঘাটনের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে জাপানের। সূত্র : এএফপি