• ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির যৌথ সভা : নতুন ভবন ক্রয়ের চূড়ান্ত সিদ্ধান্ত

Usbnews.
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫
নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির যৌথ সভা : নতুন ভবন ক্রয়ের চূড়ান্ত সিদ্ধান্ত
নিউজটি শেয়ার করুনঃ

বাংলাদেশ সোসাইটির নতুন ভবন কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত কুইন্সের জ্যামাইকার ১৮৪ স্ট্রিটে অবস্থিত বড় আকারের একটি ভবন কেনার প্রাথমিক ধাপ হিসাবে শিগগিরই চুক্তি স্বাক্ষরিত হবে।

গত ৫ অক্টোবর রোববার বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি ও ট্রাস্ট্রি বোর্ডের যৌথসভায় সর্বসম্মতক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় কার্যকরী কমিটি কর্মকর্তা সহ অধিকাংশ ট্রাস্টি উপস্থিত ছিলেন।

চলতি বা আগামী সপ্তাহে চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানা গেছে। এর আগে নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত কার্যকরী কমিটির প্রথম সভায় বাংলাদেশ ভবন বা বাংলাদেশ সেন্টার কেনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১০ মাসের মাথায় সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে চলেছে।

এখানে উল্লেখ্য, নতুন ভবনের দাম নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৯ মিলিয়ন ডলার। যৌথসভায় বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে করণীয় নিয়েও আলোচনা হয়েছে। তবে সভায় ভবন কেনার বিষয়টি প্রাধান্য পেয়েছে।