• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে গ্যাস সরবরাহ আজ স্বাভাবিক হচ্ছে না , গ্যাস নির্ভর শিল্প কারখানাতে উৎপাদন বন্ধ

usbnews
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৪
চট্টগ্রামে গ্যাস সরবরাহ আজ স্বাভাবিক হচ্ছে না , গ্যাস নির্ভর শিল্প কারখানাতে উৎপাদন বন্ধ
নিউজটি শেয়ার করুনঃ

ঢাকা  :  মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আজ গ্যাসের সমস্যা সমাধান হবে না। তবে শনিবারের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।

এদিকে সরবরাহ বন্ধ থাকায় গ্যাস নির্ভর শিল্প কারখানাতে উৎপাদন বন্ধ হয়ে গেছে। অন্যদিকে বাসাবাড়িতে গ্যাস না থাকায় ছয় লাখের বেশি গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। এর ফলে খাবারের জন্য হোটেল, রেস্তোরাঁয় ভিড় দেখা গেছে। সেখানে দেখা দিয়েছে খাবার সংকট।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্র বলছে, কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালে যান্ত্রিক সমস্যা হওয়ায় চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার থেকে এ সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান বলেন, ‘এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ত্রুটি সমাধানের জন্য সিঙ্গাপুর থেকে এক্সপার্ট আনা হয়েছে।’

গ্যাস না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আবাসিক গ্রাহকরা। সকালে চুলায় গ্যাস জ্বলতে না দেখে অনেকে খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় ছুটে যান। কিন্তু সেখানেও চাহিদার তুলনায় খাবার কম থাকায় তাদের অনেককেই ফিরতে হয়েছে খালি হাতে।

নগরীর বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস মিলছে না। গ্যাস না পাওয়ায় নগরীতে সিএনজিচালিত অটোরিকশার চলাচলও কমে গেছে। সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন গন্তব্যে যেতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন। হাতেগোনা কিছু অটোরিকশা মিললেও সেগুলোতে বেশি ভাড়া হাঁকা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

এমনিতেই গত কয়েক মাস ধরে চট্টগ্রামে গ্যাস সংকট চলছে। তার মধ্যে কোনো ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।

বন্ধের দিনে এই যন্ত্রণা পেতে হচ্ছে। কবে এ যন্ত্রণা থেকে মুক্তি মিলবে জানি না, এভাবেই ক্ষোভ জানালেন ভুক্তভোগীরা।