• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ

Usbnews.
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫
বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ
নিউজটি শেয়ার করুনঃ

১৮ই নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাঠে শেষ হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। ওইদিনই মিয়ানমারের বিপক্ষে কিংস অ্যারেনায় হোম ম্যাচ খেলবে আফগানিস্তান। তার আগে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে জামাল-তপুরা। তবে এই ম্যাচ আয়োজনে ভেন্যু সংকটে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ১৩ অথবা ১৪ই নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি আয়োজন করতে চায় বাফুফে। কিন্তু ৮-১৪ই নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে কয়েক মাস আগেই আন্তর্জাতিক এই আসরের অনুমতি নিয়েছে আরচারি ফেডারেশন।

বাফুফে অবশ্য আরচারির সঙ্গে সমন্বয় করে ম্যাচটি এখানেই আয়োজন করতে চাইছে। এ বিষয়ে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘১৩ কিংবা ১৪ই নভেম্বরের মধ্যে আমরা ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আয়োজন করতে চাই। আরচারির সঙ্গে এই বিষয়ে আলোচনা করবো। আমাদের উভয় পক্ষের জন্য মঙ্গলজনক একটি পথ বের করতে হবে।’ ১২ই নভেম্বর হবে আরচারির এলিমেনেশন রাউন্ড।

পরের দিন হবে র‌্যাঙ্কিং রাউন্ড। ১৪ই নভেম্বর আরচারির পদক নিষ্পত্তির খেলা থাকবে। ফলে ম্যাচের দিনও জাতীয় স্টেডিয়ামে আরচারির কর্মকাণ্ড চলবে। এ নিয়ে আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর ইসলাম বলেন, ‘আমাদের খেলা বিকাল পর্যন্ত। বাফুফে যদি রাতে খেলা আয়োজন করতে পারে আমাদের আপত্তি নেই। যতটুকু সম্ভব আমরা সহায়তা করবো।’ সেটা অনেকটাই অসম্ভব। কারণ আন্তর্জাতিক ম্যাচের আগের দিন মাঠ চলে যায় ম্যাচ কমিশনারের নিয়ন্ত্রণে। ম্যাচ কমিশনার কখনই ম্যাচের দিন ও ম্যাচের আগের দিন মাঠে অন্য কোনো ডিসিপ্লিনের খেলার অনুমতি দিবেন না। জাতীয় স্টেডিয়ামের মালিকানা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া আমিনুল এহসান উদ্ভুত সমস্যা সম্পর্কে বলেন, ‘একই সময়ে দু’টি খেলার আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্পর্কে আমরা অবগত। যেহেতু আরচারি ফেডারেশনকে আগে অনুমতি দেয়া হয়েছে এবং এশিয়ান আরচারিতে ত্রিশটির বেশি দেশ আসবে। ফলে এশিয়ান আরচারি জাতীয় স্টেডিয়ামে এখন পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের এমনটাই অবস্থান।’ ১৮ই নভেম্বর ভারত ম্যাচ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওই্‌ ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে হামজারা খেলতে পারলে দলীয় সমন্বয় ও প্রস্তুতি অনেকটাই পূর্ণাঙ্গ হতো। এই বিষয়টিও বিবেচনায় রয়েছে এনএসসি’র।

বিষয়টি জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘আরচারির টুর্নামেন্ট চলাকালীন উভয় (ফুটবল-আরচারি) ফেডারেশনের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নির্দেশনা বজায় রেখে ফুটবল ম্যাচ আয়োজন করা সম্ভব হয় কিনা সেটাও আমরা দেখবো। যদি সম্ভব না হয় তাহলে ফুটবল ম্যাচ অন্যত্র আয়োজনের বিকল্প ভাবতে হবে।’ ২০১৭ সালে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ জাতীয় স্টেডিয়ামেই করেছে আরচারি ফেডারেশন। বছর চারেক আগে অবশ্য আর্মি স্টেডিয়ামে হয়েছে এই আসর। এবার এখন পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে ভেন্যু থাকলেও একান্তই ফুটবলের সঙ্গে সমন্বয় না হলে আর্মি স্টেডিয়ামেও বিবেচনা রয়েছে।