বিশ্বে করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যুহার এখন ব্রিটেনে। ১৭ জানুয়ারি সমাপ্ত সপ্তাহে সেখানে প্রতিদিন গড়ে ৯৩৫ জন মানুষ মারা গেছেন। এই সংখ্যা প্রতি ১০ লাখে ১৬ দশমিক পাঁচের সমপরিমাণ। খবর স্কাই নিউজের।
অক্সফোর্ড ইউনিভার্সিটিভিত্তিক গবেষণা টিম ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’য় সঙ্কলিত তথ্যে দেখা যাচ্ছে, বিশ্বে আর কোনো দেশেই ব্রিটেনের মতো মাথাপিছু মৃত্যুহার এত বেশি নেই। এর মধ্য দিয়ে চেক প্রজাতন্ত্রকে অতিক্রম করেছে ব্রিটেন। ১১ জানুয়ারি থেকে চেক প্রজাতন্ত্রে মৃত্যুহার ছিল সর্বোচ্চ। রোববার রাতে তাদের সর্বশেষ মৃতের তথ্যসংবলিত তথ্য প্রকাশ হয়।
তাতে দেখা যায়, চেক প্রজাতন্ত্রে প্রতি ১০ লাখ মানুষে এই মৃত্যুহার ১৬ দশমিক তিন। রোববারও সেখানে মারা গেছেন ৬৭১ জন মানুষ। পর্তুগালে এই হার ১৪ দশমিক ৮২। স্লোভাকিয়ায় ১৪ দশমিক ৫৫ এবং লিথুয়ানিয়ায় এই হার ১৩ দশমিক শূন্য এক। সপ্তাহান্তে এবং সোমবার ব্রিটেনে মৃতের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। এর কারণ, সেখানে এ সময়ে রিপোর্টিংয়ে পিছিয়ে থাকার জন্য এমনটা হয়েছে। এতে ইঙ্গিত মেলে যে, এ সপ্তাহ শুরুর পর থেকে ব্রিটেনে মৃতের হার আবার বৃদ্ধি পেতে পারে।
এতে আরো বলা হয়, ব্রিটেনে তৃতীয় দফায় দেশজুড়ে লকডাউন দেয়া হয়েছে। এ জন্য সেখানে আক্রান্ত বা মৃতের সংখ্যা আস্তে আস্তে কমে আসতে পারে। সাত দিনে সেখানে আক্রান্তের সংখ্যা কমেছে এক-পঞ্চমাংশ। আগামী কয়েক সপ্তাহে মৃতের সংখ্যা কমে আসবে বলে মনে করা হচ্ছে। গত অক্টোবর থেকে করোনা মহামারীর এপিসেন্টার বা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইউরোপ। এ অঞ্চলের ৫২টি দেশ এবং টেরিটোরিসে প্রতিদিন গড়ে পাঁচ হাজার ৫৭০ মানুষ মারা যাওয়ার রেকর্ড করা হয়েছে। এক সপ্তাহ আগের তুলনায় এই সংখ্যা শতকরা ১৭ ভাগ বেশি। যুক্তরাষ্ট্র ও কানাডায় গত সপ্তাহে মৃত্যুহার শতকরা ২০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে প্রতিদিন গড়ে মারা গেছেন ৮৬৯ জন মানুষ। লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে গত এক সপ্তাহে মারা গেছেন পাঁচ লাখ ৪২ হাজার ৪১০ মানুষ। ফলে মৃত্যু বৃদ্ধি পেয়েছে শতকরা ২৫ ভাগ পর্যন্ত। সেখানে গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন দুই হাজার ৭৫১ জন মানুষ।