• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ছিল চার-ছক্কায় ভরপুর

Usbnews.
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ছিল চার-ছক্কায় ভরপুর
নিউজটি শেয়ার করুনঃ

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ছিল চার-ছক্কায় ভরপুর। দুই দলে মিলে ২৪ চারের সঙ্গে হাঁকিয়েছে ৩০ ছক্কা। ২০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রায় জিতেই গিয়েছিল ক্যারিবীয়ানরা। তবে শেষ বলে ব্যাটার ছক্কা মারতে না পারায় ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় কিউইরা।

অকল্যান্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৩ বলে ৫৫ রানের সূচনা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম রবিনসন ও ডেভন কনওয়ে। তবে ৫৯ রানের মধ্যে বিদায় নেন তারা। কনওয়ে ২৪ বলে ১৬ এবং রবিনসন ২৫ বলে ৩৯ রান করেন।

ওপেনারদের বিদায়ের পর পরের দুই উইকেটে রাচিন রবীন্দ্রকে নিয়ে ২৯ বলে ৪৮ এবং ড্যারিল মিচেলের সঙ্গে ১৮ বলে ৫৭ রানের ঝড়ো জুটি গড়েন মার্ক চাপম্যান। রাচিন ১১ রানে থামলেও, ১৯ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন চাপম্যান। ৬টি চার ও ৭টি ছক্কায় ২৮ বলে ৭৮ রান করে আউট হন তিনি।

দলীয় ১৬৪ রানে চাপম্যান ফেরার পর ষষ্ঠ উইকেটে ১৭ বলে ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিউজিল্যান্ডকে ২০ ওভারে ৫ উইকেটে ২০৭ রানের সংগ্রহ এনে দেন মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনার। মিচেল ১৪ বলে ২৮ এবং স্যান্টনার ৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজ স্পিনার রোস্টন চেজ ২ উইকেট নেন।

Tim Robinson made a quickfire 39 to lift New Zealand, New Zealand vs West Indies, 2nd T20I, Auckland, November 6, 2025n

২০৮ রানের টার্গেটে ইনিংসের তৃতীয় বলে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। খালি হাতে ফিরেন ওপেনার ব্র্যান্ডন কিং। দ্বিতীয় উইকেটে ৪১ বলে ৪৯ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার অ্যালিক আথানাজে ও অধিনায়ক শাই হোপ।

এরপর নিউজিল্যান্ডের দুই স্পিনার স্যান্টনার ও ইশ সোধির ঘূর্ণিতে পড়ে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। আথানাজেকে ৩৩, আকিম অগাস্টকে ৭ ও হোল্ডারকে ১৬ রানে শিকার করেন সোধি। অপরপ্রান্তে হোপকে ২৪ ও চেজকে ৬ রানে বিদায় দেন স্যান্টনার।

সপ্তম উইকেটে রোমারিও শেফার্ডকে নিয়ে ২৪ বলে ৬২ রানের ঝড়ো জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে ফেরান রোভম্যান পাওয়েল। শেফার্ড যখন ফিরেন তখন ৩ উইকেট হাতে নিয়ে ১৯ বলে ৫৩ রান দরকার পড়ে ওয়েস্ট ইন্ডিজের।

১৮তম ওভারে ২২ এবং ১৯তম ওভারে ১৪ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনা জাগান পাওয়েল ও ফোর্ড। শেষ ওভারে ১৬ রান প্রয়োজন পড়ে ক্যারিবীয়ানদের।

নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসনের করা শেষ ওভারের প্রথম ৩ বল থেকে ১০ রান তুলে ফেলেন পাওয়েল ও ফোর্ড। চতুর্থ বলে আউট হন পাওয়েল। পঞ্চম বলে নতুন ব্যাটার আকিল হোসেন ১ রান নিলে শেষ ডেলিভারিতে ৫ রান দরকার পড়ে ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু শেষ বল থেকে ১ রানের বেশি নিতে পারেননি ফোর্ড। এতে ৩ রানে হার নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবীয়ানরা।

১টি চার ও ৬টি ছক্কায় ১৬ বলে ৪৫ রান করেন পাওয়েল। শেফার্ড ১৬ বলে ৩৪ ও ফোর্ড ১৩ বলে অপরাজিত ২৯ রান করেও দলের হার এড়াতে পারেননি। নিউজিল্যান্ডের সোধি ও স্যান্টনার ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের চাপম্যান।