নিউইয়র্কের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ এবং সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ বিজয়ী হয়েছেন।
২০২১ সালে কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন তিনি। এবার স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতির শূন্য আসনে মনোনয়ন পান সোমা।
মঙ্গলবার নির্বাচনে জয়ী হওয়ায় তিনি হলেন সেখানকার প্রথম বাংলাদেশি-আমেরিকান বিচারপতি।
কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির বার্ষিক ‘জুডিশিয়াল কনভেনশনে’ গত ৭ অগস্ট নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের (কুইন্স বরো ট্রায়াল কোর্ট বেঞ্চ) পাঁচটি শূন্য আসনে বিচারপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়।
অন্যদিকে, নিউইয়র্ক সিটির কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ থেকে দ্বিতীয় দফায় নির্বাচিত হয়ে ইতিহাসের পাতায় আরও একবার নিজের নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি শাহানা হানিফ। ২০২১ সালে প্রথমবার নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম নারী কাউন্সিলর হিসেবে।
২০২১ সালের নভেম্বরে মিলবোর্ন সিটি মেয়র হিসেবে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়রের পরিচিতি পান মাহবুবুল আলম তৈয়ব । এবারের নির্বাচনে তার বিপক্ষে কেউ মনোনয়ন না চাওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ সিটিতে কাউন্সিলম্যান পদে আরও দুই বাংলাদেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন সায়েদ রিয়াদ, আরেকজন নওগাঁর শাহিন আলম ।
নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের হাডসন সিটিতে বড় জয় পেয়েছে বাংলাদেশিরা। কয়েক দশক ধরে কাউন্সিলম্যান, ট্রেজারার, সুপারভাইজার পদে বাংলাদেশিরা নির্বাচিত হয়ে আসছেন। এবারের নির্বাচনে দেওয়ান সরোয়ার ও মোহাম্মদ রনি পুনরায় কাউন্সিলম্যান হয়েছেন। এ সিটির গুরুত্বপূর্ণ পদ সুপারভাইজার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন আব্দুস মিয়া।
জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম, নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের রিপ্রেজেনটেটিভ আবুল খান, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর সেলিম সাদ্দাম এবং কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেটর মাসুদুর রহমান। তাদের মধ্যে কেবল আবুল খান হলেন রিপাবলিকান, বাকি চারজনই ডেমোক্রেটিক।
মিলবোর্ন সিটি সংলগ্ন আপার ডারবি টাউনশিপের নির্বাচনেও জয়ী হয়েছেন কাউন্সিলওম্যান হিসেবে সায়মা দিশা, টাউনশিপ ট্রেজারার পদে মোহাম্মদ সাইদুজ্জামান ড্যানি এবং স্কুল বোর্ড ডিরেক্টর হিসেবে মোহাম্মদ হোসেন মিঠু ।
যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ফিলাডেলফিয়া সিটির কাউন্সিলওম্যান অ্যাট লার্জ হিসেবে নির্বাচিত হয়ে দুই বছর ধরে দায়িত্ব পালন করছেন নীনা আহমেদ। এর আগে তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।
মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রমক সিটির কাউন্সিলম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু আহমদ মুসা। এই সিটিতে প্রবাসী নাঈম চৌধুরীও কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন।
আর মেয়র পদে মাত্র ১১ ভোটের ব্যবধানে হেরেছেন বাংলাদেশি মুহিত মাহমুদ। তবে হ্যামট্রমক সিটি ক্লার্ক রানা ফারাজ বলেছেন, “প্রায় ৫০টি ব্যালটে সইসহ অন্যান্য অসংগতি থাকায় এক সপ্তাহের মধ্যে পুনরায় ভোট গণনা করে মেয়র পদে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।”
নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে ‘কাউন্সিল অ্যাট লার্জ’ নির্বাচিত হয়েছেন প্রবাসী সোহেল আহমদ।
আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে ফের জয়ী হয়েছেন সুব্রত চৌধুরী। প্রথম এশিয়ান আমেরিকান হিসেবে তৃতীয় মেয়াদে জয় পেয়েছেন তিনি।
জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা সিটি সংলগ্ন ডোরাভিলে সিটির কাউন্সিলম্যান হিসেবে জয় পেয়েছেন মো. নাসের। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত একই সিটিতে কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করেন।