• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আকস্মিক গ্যাস সংকটে বাংলাদেশ : বন্ধ তিন সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, বিপুল আর্থিক ক্ষতির মুখে বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠান

usbnews
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৪
আকস্মিক গ্যাস সংকটে বাংলাদেশ :  বন্ধ তিন সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, বিপুল আর্থিক ক্ষতির মুখে বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠান
নিউজটি শেয়ার করুনঃ

সংশ্লিষ্টরা বলছেন, বাসাবাড়িতে গ্যাসের চাপ রোববারের মধ্যে পুরোপুরি চলে এলেও শিল্পপ্রতিষ্ঠানে পুরো চাপ আসতে একটু সময় লাগবে। বিশেষ করে সার কারখানায় পুরো চাপ আসতে প্রায় এক সপ্তাহ এবং বিদ্যুৎকেন্দ্রে ২/১ দিন লাগবে।

এ কারণে গ্যাস সংকটে দুদিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানা। অপরদিকে গ্যাসচালিত শিকলবাহা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনও দুদিন ধরে বন্ধ।

এদিকে প্রায় ৩৬ ঘণ্টা পর শনিবার বিকাল থেকে স্বাভাবিক হলেও এখনো গ্যাসের চাপ একদম কম। বাসাবাড়িতে ঠিকমতো জ্বলছে না গ্যাসের চুলা। তাই বাধ্য হয়ে অনেক পরিবারকে রাইস কুকার ব্যবহার করতে হচ্ছে। কেউ আবার খাবার কিনতে ছুটছেন হোটেল-রেস্তোরাঁয়। কিন্তু সেখানেও একই অবস্থা। বাচ্চাদের খাবার বাইরে থেকে কিনতে হচ্ছে। কিন্তু সবাই তো এভাবে খাবার কিনতে পারছেন না।

সিএনজিচালিত অটোরিকশাচালকদেরও ঘুম নেই, খাওয়া নেই। গ্যাসের জন্য অনেকে দুদিন ধরে অপেক্ষা করছেন। কেউ কেউ বলেন, গ্যাসের এমন সংকট জীবনে কখনো দেখেননি। মোদ্দা কথা, গ্যাসের অভাবে বন্দরনগরী চট্টগ্রামের সবকিছু একরকম অচল হয়ে পড়ে।

এদিকে গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎকেন্দ্রও। গ্যাসচালিত শিকলবাহা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন দুদিন ধরে বন্ধ। তবে এ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হলেও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ অনেকটাই স্বাভাবিক রয়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল)   সূত্র জানায়, কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে ভাসমান দুটি এলএনজি (তরলীকৃত গ্যাস) টার্মিনাল থেকে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ করা হয়। যার পুরোটাই আমদানিনির্ভর। দুটি টার্মিনালের একটি আগে থেকেই বন্ধ ছিল।

অপর টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দিলে বৃহস্পতিবার রাত থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। মেরামত শেষে শুক্রবার রাত থেকে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। তবে পাইপলাইনে গ্যাস আসতে কিছুটা সময় লাগে।

শনিবার বিকালের দিকে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।

শিল্পকারখানাগুলোয়ও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সার কারাখানাসহ অনেক প্রতিষ্ঠানে একসঙ্গে চাপ বাড়ানো যাবে না বলে এসব প্রতিষ্ঠান উৎপাদনে ফিরতে একটু সময় লাগবে।

গ্যাসের সংকটে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের পোশাক, সিরামিক, সিমেন্ট ও ইস্পাতসহ বিভিন্ন খাতে উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের চাপের তারতম্যের কারণে কারখানার যন্ত্রপাতি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে জানিয়েছেন শিল্প মালিকরা। ওদিকে গ্যাস সংকটে আবাসিক গ্রাহকরাও চরম ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে বাসাবাড়িতে রান্নার কাজ হচ্ছে মাটির চুলায় ও সিলিন্ডার গ্যাসে। এতে ক্ষোভে ফুঁসছেন আবাসিক গ্রাহকরা। এদিকে সিএনজি পাম্পেও গ্যাস সংকট। গ্যাসের চাপ না থাকায় প্রায় প্রতি পাম্পেই বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।

 

গ্যাস সংকটের কারণে শিল্প কারখানার সার্বিক উৎপাদন ৪০ শতাংশে নেমে এসেছে। গ্যাস সংকটের কারণে ডায়িং ও শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো শিপমেন্ট (রপ্তানি প্রক্রিয়া) করা সম্ভব হচ্ছে না। ফলে বিদেশি বায়াররা ক্ষুব্ধ হচ্ছেন। এভাবে চলতে থাকলে রপ্তানি কার্যক্রমে ধস নামবে বলে আশঙ্কা করছেন উদ্যোক্তারা। তারা জানান, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের শিল্পাঞ্চলগুলোতে স্থবিরতা বিরাজ করছে। গ্যাস সংকটে গাজীপুরের কোনাবাড়ী, কালিয়াকৈর, কাশিমপুর ও এর আশপাশের এলাকার বেশিরভাগ কারখানা বন্ধ হওয়ার পথে। গত এক সপ্তাহ ধরে এই সংকট চরম আকার ধারণ করেছে। শ্রমিকরা কারখানায় আসছেন ঠিকই কিন্তু গ্যাস সংকটের কারণে কাজ করতে পারছেন না। এতে কারখানা মালিকরা পড়েছেন মহাবিপদে। প্রতিদিন তাদের লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে।