• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম প্রকাশিত

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫
ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম প্রকাশিত
নিউজটি শেয়ার করুনঃ

গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা করার অভিযোগে পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে এসেছে। প্রো-ফিলিস্তিনি বিভিন্ন সংগঠনের যৌথ এক প্রতিবেদনে বলা হয়েছে, পোলিশ কোম্পানি নাইট্রো-কেম যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের কাছে ট্রিনিট্রোটলুইন (টিএনটি) সরবরাহ করেছে। যা পরে সামরিক গোলা, বোমা ও গ্রেনেড তৈরিতে ব্যবহার হয়ে ইসরায়েলের কাছে রপ্তানি হয়েছে।

‘প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্ট’, ‘শ্যাডো ওয়ার্ল্ড ইনভেস্টিগেশনস’ এবং ‘মুভমেন্ট রিসার্চ ইউনিট’ উল্লেখ করেছে—ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মধ্যে পোল্যান্ডই একমাত্র বৃহৎ টিএনটি উৎপাদনকারী দেশ। এই টিএনটি-ই বহুল ব্যবহৃত এমকে–৮০ সিরিজের এয়ার-ড্রপড বোমা এবং শক্তিশালী পেনিট্রেটর বিস্ফোরক ব্লু-১০৯ বোমায় ব্যবহৃত হয়।

প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্টের সংগঠক নাদিয়া তান্নুস আল–জাজিরাকে বলেন, ‘এই প্রতিবেদন স্পষ্টভাবে দেখাচ্ছে যে নাইট্রো-কেম ও পোল্যান্ড সরকার গণহত্যার সরবরাহ চেইনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন টিএনটির কোনো দেশীয় উৎপাদন নেই এবং দেশটির আমদানিকৃত টিএনটির ৯০ শতাংশই আসে পোল্যান্ড থেকে। পাশাপাশি নাইট্রো-কেম সরাসরি ইসরায়েলের কাছেও টিএনটি ও অন্যান্য বিস্ফোরক বিক্রি করেছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ইসরায়েল গণহত্যামূলক কর্মকাণ্ড চালাচ্ছে এবং জেনোসাইড কনভেনশনের অধীনে সব দেশকে তাদের আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। নতুন এই প্রতিবেদন পোল্যান্ডের ভূমিকা ‘লক্ষাধিক ফিলিস্তিনির হত্যাকাণ্ডে অংশগ্রহণকে’ আরও স্পষ্ট করে বলে মন্তব্য করেছেন তান্নুস।