• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে গণমিছিলে পুলিশের হামলা , বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিরোধ , সংঘর্ষে আহত শতাধিক

Usbnews.
প্রকাশিত আগস্ট ২, ২০২৪
সিলেটে গণমিছিলে পুলিশের হামলা , বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিরোধ , সংঘর্ষে আহত শতাধিক
নিউজটি শেয়ার করুনঃ

এমজেড এম আলম , সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :  সিলেটে গণমিছিলে পুলিশের হামলা , বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিরোধ এবং হামলা পাল্টা হামলার ফলে থমথমে অবস্থা বিরাজ করছে। আজকে শহরের বিভিন্ন স্থানে পুলিশের সাথে ছাত্র জনতার মুখোমুখি সংঘর্ষ চলে।

সরেজমিনে দেখা যায় , আজকের(২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলে হামলা করে পুলিশ। গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ছাত্র-জনতা। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংলগ্ন আখালিয়া থেকে মদিনা মার্কেট, পাঠানটুলা এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশের গুলিতে শিক্ষার্থী ছাড়াও পথচারী শিশু ও সাংবাদিকরা গুলিবিদ্ধ হন।

ভয়াবহ এই পরিস্থিতিতে দেখা যায় , প্রতিরোধে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন পাড়ামহল্লার বহু নারী-পুরুষ, মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এক শিক্ষার্থী বলেন, আজকে তো শান্তিপূর্ণ সমাবেশ ছিল। এখানে পুলিশ, বিজিবি এবং র‍্যাব যেভাবে নির্বিচারে গুলি করতেছে, মনে হচ্ছে যে দেশের যুদ্ধ লেগে গেছে। এটা কোনো প্রয়োজন ছিল না।

শুক্রবার (২ আগস্ট) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পার্শ্ববর্তী আখালিয়া এলাকায় সরেজমিনে দেখা যায় , বিকেল ৫টায় পুলিশ ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে। জবাবে শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণমিছিল’ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, কাদানে গ্যাস ও শটগানের গুলি ব্যবহার করে পুলিশ। আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে সিলেট নগরের আখালিয়া এলাকায়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সরেজমিনে সংবাদ সংগ্রহে থাকাবস্থায় এই প্রতিবেদককে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, জুমার নামাজের পর থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীদের জমায়েত ছিল। শুধু ছাত্র নয়, মিছিলে অংশ নেন সাধারণ মানুষ। বেলা তিনটার দিকে মিছিল শুরু হলে পুলিশ তাতে বাঁধা দেয়। বাঁধা অতিক্রম করে মিছিলটি মদিনা মার্কেটের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও শটগানের গুলি ছুঁড়ে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু দমে যায়নি।

হামলার অভিযোগের বিষয়ে পুলিশের দাবি, আন্দোলনকারী শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আখালিয়া এলাকায় অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেছিলেন। পুলিশ বারবার তাঁদের সরে যেতে বলার একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে।

ঘটনাস্থল থেকে জানা যায়, এর আগে পূর্বঘোষিত কর্মসূচি পালনে নগরীর সুরমা আবাসিক এলাকা এবং আখালিয়া এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের দিকে এগোতে থাকলে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা পুলিশকে ঘিরে ধরলে পুলিশ টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এলে দুদিক থেকে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ। এ সময় শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। সেখানে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ

 

বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুললে দফায় দফায় সংঘর্ষ হয়। আখালিয়া, মদিনা মার্কেট, পাঠানটুলা, বাগবাড়িসহ আশেপাশের এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। শক্তি বাড়িয়ে আন্দোলনকারীদের ওপর হামলা অব্যাহত রাখে পুলিশ। বিশেষায়িত টিম সিআরটি ও এপিসি যোগ হয়। কিন্তু গলিতে গলিতে ছাত্র-জনতার অবস্থানের কারণে তারা ব্যর্থ হয়। রাত ৯টা পর্যন্ত চলে থেমে থেমে সংঘর্ষ।

এর মধ্যে আখালিয়া এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয় ১২ বছর বয়সী শিশু শফিক আলী, বার্তা২৪ এর সিলেট প্রতিনিধি মোশাহিদ আলীসহ কয়েকজন আহত হন।প্রত্যক্ষদর্শী, শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষার্থী ও পথচারীদের পাশাপাশি তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া দৈনিক কালবেলা পত্রিকার সিলেট প্রতিনিধি মিঠু দাস জয়ও গুলিবিদ্ধ হন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানিয়েছেন , আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করলে পুলিশ তাঁদের যেতে বলে। তবে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে। এ ঘটনায় সাতজনকে পুলিশ আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা জানান, সেদিন পুলিশের ধাওয়ায় তারা বেশ কয়েক জন নারী শিক্ষার্থী একটি বাসায় আশ্রয় নেন। পেছনে পেছনে সেখানে অভিযানে যায় পুলিশ। তখন বাসার নারীরা তাদের আশ্রয় দেন এবং সাহেদা খান নামের ষাটোর্ধ্ব এক নারী পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। তার এই মারমুখী আচরণে পুলিশ ওই বাসায় অভিযান না চালিয়ে ফিরে যেতে বাধ্য হয়। কিন্তু পরবর্তীতে ওই গলির মুখে পুলিশের অবস্থানের কারণে ১৫-২০ জন শিক্ষার্থী বের হতে পারছিলেন না। এক পর্যায় রাত ৯টার দিকে একটি বিয়ের গাড়িতে করে তারা বের হন।

এদিকে, আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন , ২ আগস্ট দিনগত রাতে সিলেট নগরে ব্লকরেইড দিয়ে শিক্ষার্থী ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযোগ অব্যাহত রাখে সিলেট মহানগর পুলিশ।