• ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিল ব্রাজিল

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫
এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিল ব্রাজিল
নিউজটি শেয়ার করুনঃ

ডেঙ্গু মোকাবিলায় পৃথিবীতে প্রথম এক ডোজের টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল। ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ এই টিকার অনুমোদন দিয়ে একে ঐতিহাসিক অর্জন বলে জানিয়েছে। এরইমধ্যে টিকা উৎপাদনের জন্য চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে দেশটি।

বুধবার (২৬ নভেম্বর) ব্রাজিলের স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা ১২-৫৯ বছর বয়সীদের শরীরে এক-ডোজের ডেঙ্গু টিকা ব্যবহারের অনুমোদন দেয়। বুটানটান-ডিভি নামের টিকাটি তৈরি করেছে সাও পাওলোর প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট।

তাপমাত্রা বাড়ার কারণে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির মধ্যেই মশাবাহিত এই রোগটি মোকাবিলায় প্রথম এক ডোজের টিকার অনুমোদন দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি।

সংবাদ সম্মেলনে বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাস জানান, ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্য খাতের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। দশকের পর দশক ধরে যে রোগ ব্রাজিল তথা বিশ্ববাসীকে বিপর্যস্ত করে রেখেছে, তার বিরুদ্ধে এবার খুব শক্তিশালী একটি অস্ত্র দিয়ে লড়াই করা যাবে।

মূলত ব্রাজিলজুড়ে ৮ মাস ধরে পরীক্ষা চালানোর পর এক ডোজের এই টিকার অনুমোদন দেয়া হয়েছে। এর আগে দেশটির অন্তত ১৬ হাজার স্বেচ্ছাসেবকের দেহে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। সেখানে গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৯১ দশমিক ৬ শতাংশ।

এরইমধ্যে এই টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি উসিবায়োলোজিক্স এর সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় তিন কোটি ডোজ টিকা তৈরি করে দেবে চীনা কোম্পানিটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বর্তমানে সারা বিশ্বে শুধু টিএকে-০০৩ নামে ডেঙ্গুর একটি টিকা রয়েছে। যেটি তিন মাস ব্যবধানে দুই ডোজ নিতে হয়।

সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বব্যাপী ১ কোটি ৪৬ লাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়। মারা যান রেকর্ড প্রায় ১২ হাজার মানুষ। যার অর্ধেকই ব্রাজিলে।