গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার সন্দেহে একজন আফগান অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর ট্রাম্প প্রশাসন দাবি করে, বাইডেনের আমলে যাচাই-বাছাই ছাড়াই ওই অভিবাসীকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়।
তবে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সরকারের একটি ফাইলে দেখেছে, ডোনাল্ড ট্রাম্পের অধীনে অভিযুক্ত আফগান বন্দুকধারীকে চলতি বছর আশ্রয় দেওয়া হয়েছিল।
২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়াল ২০২১ সালের ৮ সেপ্টেম্বর ‘অপারেশন অ্যালিস ওয়েলকাম’-এর অধীনে প্রথমবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রাক্তন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন পুনর্বাসন কর্মসূচিটি প্রতিষ্ঠা করেন।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জিনাইন পিরো – দু’জনেই ট্রাম্পের নিযুক্ত। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ২০২১ সালে লাকানওয়ালকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার আগে বাইডেন প্রশাসন পর্যাপ্ত ব্যাকগ্রাউন্ড চেক বা যাচাই-বাছাই করতে ব্যর্থ হয়েছে।
তবে দাবির সমর্থনে কোনো প্রমাণ না দিয়ে প্যাটেল বলেন, আফগানিস্তানে যুদ্ধের সময় মার্কিন সরকারি বাহিনীর সঙ্গে কাজ করা লাকানওয়ালকে অন্যায়ভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। কারণ ‘পূর্ববর্তী প্রশাসন ব্যাকগ্রাউন্ড চেকিং বা যাচাই-বাছাই ছাড়াই হাজার হাজার লোককে এই দেশে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।’
কংগ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, ৭০ হাজারেরও বেশি আফগান নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া এই কর্মসূচিটি মার্কিন সন্ত্রাস দমন এবং গোয়েন্দা সংস্থাগুলোসহ যাচাই-বাছাই পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয়েছিল।
অপারেশন অ্যালিস ওয়েলকাম প্রোগ্রামের অধীনে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া আফগানদের দুই বছরের ‘প্যারোল’ দেওয়া হয়েছিল – এটি তাদের বৈধভাবে বসবাস এবং কাজ করার ও তারপর আরও স্থায়ী মর্যাদার জন্য আবেদন করার অনুমতি দেয়।
রয়টার্সের পর্যালোচনা করা নথিতে বলা হয়েছে, লাকানওয়াল ২০২৪ সালের ডিসেম্বরে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের তিন মাস পর। এই বছরের ২৩ এপ্রিল তা অনুমোদিত হয়। ওয়াশিংটন রাজ্যে বসবাসকারী ২৯ বছর বয়সী লাকানওয়ালের কোনো অপরাধমূলক ইতিহাস ছিল না।
লাকনওয়ালের সরকারি ফাইলে বলা হয়েছে, আফগানিস্তান যুদ্ধের সময় মার্কিন সরকারের অংশীদারদের সঙ্গে কাজের কারণে তাকে যুক্তরাষ্ট্র যাচাই করেছে এবং সম্ভাব্য অযোগ্য ঘোষণার কোনো তথ্য পাওয়া যায়নি।
সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এক বিবৃতিতে বলেছেন, লাকানওয়াল আফগানিস্তানে সিআইএ-সমর্থিত স্থানীয় ইউনিটগুলোর সঙ্গে কাজ করেছিলেন।