• ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ভেনেজুয়েলা ও আশপাশের পুরো আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ বলে ধরে নিতে হবে : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫
ভেনেজুয়েলা ও আশপাশের পুরো আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ বলে ধরে নিতে হবে :  মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্প
নিউজটি শেয়ার করুনঃ

ভেনেজুয়েলা ও আশপাশের পুরো আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ বলে ধরে নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৯ নভেম্বর) ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই নির্দেশনা দেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প লিখেন, সব এয়ারলাইন্স, পাইলট, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের জানানো হচ্ছে— ভেনেজুয়েলার উপর ও আশপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ বিবেচনা করুন।

এর আগে গত সপ্তাহে মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (এফএএ) প্রধান এয়ারলাইন্সগুলোকে সতর্ক করেছিল যে ভেনেজুয়েলার ওপর দিয়ে উড়োজাহাজ চালানো ‘সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি’ তৈরি করতে পারে। এর কারণ হিসেবে তারা কয়েকটি কারণ জানিয়েছে। এর মধ্যে অন্যতম হলো দেশের বর্ধিত নিরাপত্তাহীনতা এবং উচ্চমাত্রার সামরিক তৎপরতা।

রয়টার্স জানিয়েছে, এফএএর সতর্কতার পরে ছয়টি বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে। এর জবাবে ভেনেজুয়েলা সরকার ওই সব এয়ারলাইন্সের অপারেটিং রাইটস বা পরিচালনার অনুমতি বাতিল করে দেয়।

 

এর আগে আলজাজিরা জানিয়েছে, সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে ২০টির বেশি হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে। লাতিন আমেরিকার সরকার ও আইন বিশেষজ্ঞরা এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন।

লক্ষ্যবস্তু হওয়া নৌযানগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে ওয়াশিংটন এখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি। এলাকার নেতারা বলছেন, নিহতদের অনেকেই জেলে বা স্থানীয় জাহাজচালক, পাচারকারী নয়।

ট্রাম্প আগে থেকেই ভেনেজুয়েলার স্থাপনাগুলোর বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছেন এবং দাবি করছেন, মাদুরো সরকার মাদক পাচারের সঙ্গে যুক্ত। জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, ১৭ সপ্তাহ ধরে বিদেশি ও সাম্রাজ্যবাদী শক্তি মিথ্যা অভিযোগ তুলে অঞ্চলকে অশান্ত করার হুমকি দিচ্ছে। বিশ্বে কেউই এসব বিশ্বাস করে না।

তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণ কখনো ভয় পায় না। তারা তাদের ভূমি, সমুদ্র, আকাশ ও ইতিহাস রক্ষায় প্রস্তুত।