• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ পরিচালনা করতে হলে দেশের মাটি ও মানুষের নেতা হতে হবে : ভিপি সাদিক কায়েম

Usbnews.
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫
বাংলাদেশ পরিচালনা করতে হলে দেশের মাটি ও মানুষের নেতা হতে হবে : ভিপি সাদিক কায়েম
নিউজটি শেয়ার করুনঃ

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ঢাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, “লন্ডন থেকে প্রেসক্রিপশন দিয়ে কেউ দেশ চালাতে পারবে না। বাংলাদেশ পরিচালনা করতে হলে দেশের মাটি ও মানুষের নেতা হতে হবে। দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে গণমানুষের নেতা হতে হবে। কাজ ও যোগ্যতার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। তা না করে হাসিনার মতো ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করতে চাইলে দেশের জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে।”

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে ছাত্র ও যুব সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “অতীতে ভারত আমাদের অনেক জুলুম-নির্যাতন করেছে। ফ্যাসিস্টরা দিল্লির দালালিকে প্রশ্রয় দিয়েছিল। এ স্বাধীন বাংলাদেশে আর দিল্লির দালালি চলবে না। ভারতের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে দেশের মানুষের প্রত্যাশার ও শহীদদের আকাঙ্ক্ষার আলোকে। বাংলাদেশে দিল্লির রাজত্ব চলবে না। একই সঙ্গে কেউ লন্ডন বসে বাংলাদেশ পরিচালনা করতে চাইলে সেটাও আর পারবে না। লন্ডন থেকে কেউ প্রেসক্রিপশন দিয়েও বাংলাদেশ পরিচালনা করতে পারবে না।”

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, বিগত সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একটি দলের লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে। এই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামো আর চলবে না। নতুন বাংলাদেশে জনগণের হাতে ক্ষমতা থাকবে, জনগণই সিদ্ধান্ত নেবে। জনগণের সিদ্ধান্তের মাধ্যমেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। কেউ যদি জনগণের অধিকার হরণ করতে চায়, তাহলে তার পরিণতিও শেখ হাসিনার চেয়ে খারাপ হবে।
তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে একটি প্রজন্ম তৈরি হয়েছে, সেই প্রজন্ম ইনসাফের পক্ষে থাকবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। তরুণদের আকাঙ্ক্ষা-প্রত্যাশার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। ইতোমধ্যে দেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। ডাকসু, রাকসু, জাকসু ও চাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়েছেন। আসন্ন নির্বাচনে ইনসাফের প্রতিনিধিরা দেশের প্রতিটি আসনে জনগণের ভূমিধ্বস ম্যান্ডেড পেয়ে বিজয়ী হয়ে ইনসাফ কায়েম করবেন। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবেন।

কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাশুক উদ্দিন, ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ, সিলেট জেলা পশ্চিমের সভাপতি জুবায়ের আহমদ, সেক্রেটারি তোফায়েল আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, যুব জামায়াতের উপজেলা সভাপতি ইকবাল হোসেন ইমাদ, শিবির সভাপতি মইনুল ইসলাম, গোয়াইন থানার জামায়েতে ইসলামীর সভাপতি আবুল হোসেন।