• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ট্রেনে আগুন: বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির , ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৩
ট্রেনে আগুন: বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির , ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে

A charred train compartment after an unidentified person set it on fire, during a nationwide dawn-to-dusk strike, at the Kamlapur Railway Station in Dhaka, Bangladesh, 19 December 2023. EFE-EPA/MONIRUL ALAM

নিউজটি শেয়ার করুনঃ

রাজধানীর তেজগাঁওয়ে একটি ট্রেনে দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে চার যাত্রীর নিহত হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলের পক্ষে আজ এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরে রুহুল কবির রিজভীর এ বিবৃতি আজ সকালে গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে ঘটনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আজ ভোর রাতে যারা রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়ে চার যাত্রীর প্রাণপ্রদীপ নিভিয়ে দিল, তারা নিঃসন্দেহে মানুষ নামের কলঙ্ক। মহলবিশেষের প্রশ্রয় ছাড়া ট্রেনে আগুন দিয়ে প্রাণহানি ঘটানোর মতো নাশকতা করা সম্ভব নয়।’

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ‘চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এটি কুটচাল কি না, তা নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে। এটি সুপরিকল্পিত নাশকতার ঘটনা। এ ধরনের লোমহর্ষক ও পৈশাচিক কাজ কেবল অবৈধ ও গণবিরোধী শক্তির মদদেই হওয়া সম্ভব।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমি এই বর্বরোচিত ও হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি, ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এ ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।’

রুহুল কবির রিজভী বিএনপির পক্ষ থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে হতাহতের ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ভোর ৫টার দিকে ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশন অতিক্রম করার পর কাকলীর কাছাকাছি এলে ‘জ’ বগির যাত্রীরা আগুন দেখতে পান। হুড়োহুড়ি করে তারা কেউ জানালা দিয়ে, কেউ দরজা দিয়ে নেমে যান।

আগুনে ট্রেনটির তিনটি বগি ভস্মীভূত হয়। একটি বগি থেকে উদ্ধার করা হয় এক মা, তার শিশু সন্তানসহ চারজনের লাশ। নিহতদের মধ্যে নাদিরা আক্তার পপি ও তার তিন বছরের সন্তান ইয়াসিনকে শনাক্ত করা গেছে। বাকি দুজনকে এখনো শনাক্ত করা যায়নি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাকে ‘মানবতাবিরোধী কাজ’ আখ্যা দিয়ে ‘নিরপেক্ষ’ বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, “মহল বিশেষের প্রশ্রয় ব্যতিরেকে এ ধরনের মানবতাবিরোধী কাজ করা সম্ভব নয়। মূলত, চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে এটি কূটচাল কিনা, তা নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে। এটি সুপরিকল্পিত নাশকতার ঘটনা।”

তেজগাঁওস্থ সহকারী স্টেশন মাস্টার মো. পর্বত আলী বলেন, ট্রেনটি ৪টা ৫০ মিনিটে ক্যান্টনমেন্ট স্টেশন পার হয়। তেজগাঁও স্টেশনে এসে পৌঁছায় ৪টা ৫৪ মিনিটে। যেসব ট্রেন তেজগাঁও স্টেশনে থামে না সেগুলোর জন্য আমরা সবুজ বাতি জ্বালিয়ে পার হওয়ার সংকেত দেই। এটির জন্যও সবুজ বাতি ধরা হয়েছিল। কিন্তু দেখি যে, ট্রেনের ইঞ্জিনের পেছনের ৫-৭ টা বগির পর থেকে ধোঁয়া উঠছে। সঙ্গে সঙ্গে সবুজ বাতি পরিবর্তন করে লাল বাতি জ্বালিয়ে বিপৎসংকেত দিই। পাশাপাশি স্টেশন রুমে এসে কম্পিউটারের মাধ্যমেও সব সিগনাল বিপজ্জনক করে দিই। এতে ট্রেনটি স্টেশনের শেষ প্রান্তে থেমে যায়। ট্রেন থামার পর তাৎক্ষণিক ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিসে জানালাম। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালাম। পরে ৫টা ৮ মিনিটে ফায়ার সার্ভিস আসে। আগুনে টেনটির ছ, জ, ঝ এই তিন বগি পুড়ে যায়। ট্রেনটিতে মোট ১৪টি বগি ছিল। তিনি বলেন, ট্রেনটি যেহেতু ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কোনো বিপজ্জনক সংকেত ছাড়াই ছেড়ে এসেছিল, তার মানে এর পরেই আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।