• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রামমন্দিরের অনুষ্ঠানে যাননি বিরোধী নেতারা , গেলেন না মমতা

usbnews
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৪
রামমন্দিরের অনুষ্ঠানে যাননি বিরোধী নেতারা , গেলেন না মমতা
নিউজটি শেয়ার করুনঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেছেন। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৮ হাজার অতিথি আয়োজনে অংশ নেন।

এছাড়া ৫০৬ জনের আমন্ত্রিত তালিকায় রাজনীতিবিদ, শীর্ষস্থানীয় অতিথি, তারকা, কূটনীতিবিদ, বিচারক, মহাযাজকও উপস্থিত ছিলেন।

রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও বিরোধী দলের নেতা-মন্ত্রীরা যাননি। অনেকেই নিমন্ত্রণ রক্ষা করতে পারবেন না আগেই জানিয়েছিলেন। আবার অনেকেই প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে মেরুকরণের অভিযোগ তোলেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কংগ্রেস নেতারা। তবে সেই অনুষ্ঠানে যাননি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা।

এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রার নেতৃত্ব দিতে আসামে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানেই একটি মন্দিরে ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তিনি।

আরও পড়ুন: বাবরি মসজিদ: ফিরে দেখা ইতিহাস

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ম্যাজিস্ট্রেটের নির্দেশে দুপুর ৩টা পর্যন্ত কেউ আজ মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এরপরই প্রধানমন্ত্রী মোদিকে ইঙ্গিত করে কটাক্ষের সুরে রাহুল বলেন, আজ মনে হয় একজনই মন্দিরে প্রবেশ করতে পারবেন।

বিবিসি বাংলা জানিয়েছে, রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে না যাওয়ার তালিকায় রয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। তিনি আগেই জানিয়েছিলেন ২২ জানুয়ারি তার পক্ষে অযোধ্যায় যাওয়া সম্ভব নয়, পরে অন্য কোনো সময় তিনি মন্দিরে যাবেন।

তিনি আরও বলেন, আমি আগেই বলেছি, রামমন্দিরে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই। হৃদয়ে রয়েছেন রাম।

একই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন ‘সংহতি মিছিলের’ ডাক দিয়েছিলেন তিনি।

মমতা বলেছিলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমি সর্ব ধর্ম সমন্বয়ের মিছিল করছি। সেখানে থাকবেন সমস্ত ধর্মের মানুষ। তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে হবে আমাদের কর্মসূচি।”

এ কর্মসূচিতে বাউল, মুরশিদী ও ফকিরি গানের একাধিক গোষ্ঠী ও শিল্পীরা অংশ নিয়েছেন। রয়েছেন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা।

সংহতি মিছিলের প্রাক্কালে রোববার নিজের এক্স হ্যান্ডলে একটি বার্তা দিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি লিখেছেন- মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার যা-ই হোক, ঘৃণা, হিংসা ও নিরীহ মানুষের লাশের ওপর তৈরি কোনো উপাসনাস্থল মেনে নিতে আমার ধর্ম আমায় শেখায়নি।

এদিকে রামমন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা স্কুল, কলেজ এবং অন্য প্রতিষ্ঠানগুলোতে হাফ ছুটির ঘোষণাকে ঘিরে আগেই আলোচনা চলছিল। এরপর রামমন্দিরের অনুষ্ঠান ‘লাইভ সম্প্রচারকে’ ঘিরে আবার বিতর্ক শুরু হয়।

অবশ্য তামিলনাড়ুর ডিএমকে সরকার রামমন্দিরের অনুষ্ঠানের লাইভ সম্প্রচারে সম্মতি দেয়নি।

এছাড়া দক্ষিণ ভারতে বিজেপি যেখানে ক্ষমতায় নেই, এমন রাজ্যগুলোতে রামমন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে আজ সরকারি ছুটি ঘোষণার আহ্বানে সাড়া দেয়নি।

তবে রামমন্দির প্রতিষ্ঠাকে একটি ‘সামাজিক উৎসব’ হিসেবে দেখার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে কলকাতার নাখোদা মসজিদ কর্তৃপক্ষ।

এ উৎসব নিয়ে নাখোদা মসজিদ কর্তৃপক্ষ মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন করেছে- অনুষ্ঠান নিয়ে যেন কোনো খারাপ মন্তব্য ও বিরোধিতা না করা হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্বোধনের দিন সোমবার সকাল থেকেই রামমন্দির প্রাঙ্গণে তারকাদের ঢল নামে। বলিউডের তারকা থেকে শুরু করে দক্ষিণী সিনেমার অভিনেতারাও উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, রজনীকান্ত, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফের মতো তারকারা। একদিন আগেই অযোধ্যায় পৌঁছে যান অভিনেত্রী কঙ্গনা রানাউত।

এ ছাড়া সপরিবারে এসেছেন মুকেশ আম্বানী। তবে এত তারকার ভিড়ে কোথাও দেখা যায়নি বলিউডের তিন খানের। তাদের অনুপস্থিতি ভক্তদের নজর এড়ায়নি। এ নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বলিউডের বিভিন্ন ঘনিষ্ঠ কানাঘুষা চলছে, রামমন্দিরের উদ্বোধনে তিন খান ডাক পাননি তাদের ধর্মের কারণে। মুসলিম বলেই নিমন্ত্রণ করা হয়নি তাদের।

তবে তিন খান ইচ্ছা করেই যাননি নাকি তাদের নিমন্ত্রণ করা হয়নি তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তারা।

রামমন্দির উদ্বোধনের দুদিন আগেই স্ত্রী-কন্যাকে নিয়ে শহর ছাড়েন শাহরুখ খান। এদিকে সালমান জানিয়েছেন, তিনি খুব কাজের চাপে রয়েছেন। আর আমির খান অবশ্য মৌনতা বজায় রেখেছেন।

আমন্ত্রণ জানানো হলেও সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বরং এদিন তিনি কলকাতায় সংহতি মিছিলের আয়োজন করেন।

প্রথমে কালীঘাটে পূজা দেওয়ার পর হাজরা পার্ক থেকে মিছিল শুরু করেন মমতা। বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল নিয়ে পার্ক সার্কাসের দিকে যান। সংহতি মিছিলে যোগ দেন হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, পারসি, ইহুদি ধর্মের প্রতিনিধিরা।

মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন- তৃণমূল এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী জাভেদ খান প্রমুখ।