সিলেট বিভাগীয় ব্যুরো : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছাত্রদল-সমর্থিত এই প্যানেলে ২২টি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে প্রার্থী দিতে পারেনি ছাত্রদল।
জানতে চাইলে নাছির উদ্দীন বলেন, ‘আমরা যেহেতু ইনক্লুসিভ প্যানেল করেছি, এই পদে আমরা প্রার্থী ঘোষণা করতে পারিনি। অন্য একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে আমাদের আলাপ-আলোচনা এখনো চলছে। আলোচনা সমাপ্তি পর্যায়ে এলে হয়তো আমরা তাকে এই প্যানেলে অন্তর্ভুক্ত করতে পারব। তবে এটা ইনটেনশনালি (ইচ্ছাকৃতভাবে) খালি রাখা হয়নি। টেকনিক্যাল কারণেই এখন পর্যন্ত পদটিতে কাউকে আমরা দিতে পারিনি। আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
ছাত্রদল-সমর্থিত প্যানেলের ২২টি পদের প্রার্থীদের মধ্যে রয়েছেন সহসভাপতি (ভিপি) পদে মোস্তাকিম বিল্লাহ, সাধারণ সম্পাদক (জিএস) পদে মারুফ বিল্লাহ, সহসাধারণ সম্পাদক (এজিএস) জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাকিল হাসান, সহক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক মো. আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক অমিত মালাকার, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক মো. তাজুল ইসলাম, সমাজসেবা সম্পাদক রুবেল মিয়া, ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা রিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোস্তফা আহমেদ, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুনতাসির মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিক, পরিবহন সম্পাদক নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যানটিন সম্পাদক সোহানুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদে হৃদয় মিয়া, হৃদয় আহসান, আফফান, অন্তু গোপ ও মারুফ সাকলাইন লড়বেন।