বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ ও উদ্বোধনের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ
ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ ও উদ্বোধনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
আজ (২৩ জানুয়ারি) সকাল ৮.৩০ মিনিটে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে রাজধানীর বসুন্ধরায় মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা। একই সময় রাজধানীর দয়াগঞ্জ এলাকায় কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহর নেতৃত্বে মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মিছিল সমাবেশে মহানগর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
মিছিলোত্তর সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদি ১৯৯২ সালে একটি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিগোষ্ঠীর নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক বাবরি মসজিদকে ধ্বংস করেছিল। সেই সাথে হত্যা করেছিল প্রায় দুই হাজার মুসলমানকে! ২০১৯ সালে সেই মোদি সুপ্রিম কোর্টের ওপর প্রভাব বিস্তার করে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে মুসলিম জাতির ঐতিহ্যের প্রতীক ঐতিহাসিক বাবরি মসজিদকে বিতর্কিত রায়ের মাধ্যমে উৎখাত করে। তারা সেখানে তথাকথিত রাম মন্দির নির্মাণ করেছে। এখন তারা সেটি উদ্বোধন করেছে।
এর মাধ্যমে বিশ্ববাসীর কাছে ভারত আবারো একটি মুসলিমবিরোধী উগ্রবাদী রাষ্ট্র হিসেবে নিজেদের পরিচিত করেছে। আমরা এই বিতর্কিত ও অন্যায় অপকর্মের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
আমরা ছাত্রসমাজসহ সকলকে এ ঘৃন্য কাজের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদ ও ভারতের মজলুম মুসলমানদের পাশে দাঁড়াতে জাতিসংঘ, ওআইসি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”