হজ ও ওমরাহ পালনে আগ্রহী মুসলিম যাত্রীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করল সউদী এবং মালয়েশিয়া যৌথ উদ্যোগে অরোয়া ক্রুজেস (Aroya Cruises)। মালয়েশিয়া থেকে জেদ্দা পর্যন্ত ১৫ রাতের ধর্মভিত্তিক, হালাল-সার্টিফায়েড ক্রুজ চালুর মাধ্যমে আকাশপথের বিকল্প হিসেবে আধ্যাত্মিক ও ঐতিহ্যভিত্তিক এক ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
বিশ্বের প্রথম হালাল-সার্টিফায়েড ক্রুজ লাইন হিসেবে অরোয়া ক্রুজেসের এই উদ্যোগ সউদী আরবের ধর্মীয় পর্যটন সম্প্রসারণ কৌশলের অংশ। জাহাজভিত্তিক এই যাত্রায় ইবাদত-বান্ধব পরিবেশ, আলেমদের সঙ্গে ধর্মীয় আলোচনা এবং প্রতিটি বন্দরে ইসলামী ঐতিহ্য অন্বেষণের সুযোগ থাকছে। অরোয়া ওমরাহ ক্রুজ মালয়েশিয়ার পোর্ট ক্লাং থেকে যাত্রা শুরু করে ইন্দোনেশিয়ার বান্দা আচেহ, মালদ্বীপ ও ওমান হয়ে সৌদি আরবের জেদ্দা বন্দরে গিয়ে শেষ হবে। জেদ্দা থেকে যাত্রীরা স্থলপথে মক্কায় গমন করবেন।
এ প্রসঙ্গে মার্কেটিং পার্টনার ইসলামিক ক্রুজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, যাত্রাপথে যাত্রীরা মাসকাটের ঐতিহাসিক ইসলামী স্থাপত্য, মালদ্বীপের মনোরম দ্বীপপুঞ্জ এবং বান্দা আচেহর আধ্যাত্মিক শান্ত পরিবেশ উপভোগ করবেন। এছাড়াও, জাহাজে থাকছে ব্যক্তিগত ইসলামী লেকচার ও স্কলার সেশন, যা যাত্রাকে আরও গভীর ও অর্থবহ করবে।
জানা যায়, ৩,৪০০ যাত্রী ধারণক্ষমতার জাহাজ অরোয়া আগামী ১৭ জানুয়ারি ২০২৬-এ জেদ্দা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে একই রুটে একটি ১৫ রাতের রিপোজিশনিং ক্রুজ চালাবে। পাশাপাশি মালয়েশিয়া ছাড়ার আগে ২ রাতের লাংকাউই হালাল ক্রুজ পরিচালনা করা হবে। এরপর ৩ ফেব্রুয়ারি সউদী আরবগামী মূল যাত্রা শুরু করবে জাহাজটি।
ডিসেম্বর ২০২৪-এ প্রথম যাত্রা সম্পন্ন করা অরোয়া জানিয়েছে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো মুসলিম-প্রধান দেশগুলো থেকে শক্তিশালী চাহিদা প্রত্যাশা করছে তারা। বিশেষ করে যারা ধর্মীয় ভ্রমণকে আরও অর্থবহ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চান, তাদের লক্ষ্য করেই এই উদ্যোগ।
বিশ্বব্যাপী মুসলিম ধর্মীয় পর্যটন বাজার ২০২৫ সালে ৩০১.৯ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস রয়েছে। ২০৩৫ সালের মধ্যে হালাল পর্যটনের বাজার ৫৪৮.১ বিলিয়ন ডলার ছুঁতে পারে (ফিউচার মার্কেটস)। এদিকে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে সৌদি আরবে উমরাহ যাত্রায় দ্বি-অঙ্কের প্রবৃদ্ধি রেকর্ড হয়েছে, যার পেছনে সম্প্রসারিত ই-ভিসা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অরোয়া ক্রুজেস সম্প্রতি ভূমধ্যসাগরে সফল গ্রীষ্মকালীন মৌসুম শেষ করেছে। ২০২৫/২০২৬ শীত মৌসুমে জেদ্দা থেকে রেড সি রুটে দ্বিতীয় দফা যাত্রা এবং ফেব্রুয়ারি ২০২৬-এ আরব উপসাগরীয় নতুন রুটে যাত্রা শুরুর পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ক্রুজ পর্যটনের উত্থানের প্রেক্ষাপটে ‘Connections Cruise Arabia’ নামের বার্ষিক ইভেন্টটি সেপ্টেম্বর ২০২৬-এ ৩০০ শীর্ষস্থানীয় ক্রুজ নেতা ও অংশীজনকে একত্র করবে, যা এই খাতের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।