• ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে উত্তাল ক্যাম্পাস, মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Usbnews.
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে উত্তাল ক্যাম্পাস, মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিউজটি শেয়ার করুনঃ

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) নির্বাচনের তারিখ নির্ধারণের পর ক্যাম্পাসে উত্তাপ বেড়েছে। ২৮ বছর পর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইলেকশন কমিশনের (ইসি) প্রজ্ঞাপনের কারণে শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভে নেমেছেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচনের আয়োজন করা যাবে না। এই প্রজ্ঞাপনের প্রভাবে শাকসু নির্বাচন স্থগিত হতে পারে বলে মন্তব্য করেছেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম।

অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “ইসির এই প্রজ্ঞাপন যদি চূড়ান্ত হয়, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের সমন্বয়ে শাকসু নির্বাচন স্থগিত করা হতে পারে।”

এদিকে সরেজমিনে দেখা যায় , এই ঘোষণার পর ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেছেন। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মিছিল নিয়ে তারা নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষনি যুদ্ধ’, ‘শাকসু মোদের অধিকার, রুখে দেয়ার সাধ্য কার’, ‘শাকসু নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’-সহ বিভিন্ন স্লোগান দেন।

দীর্ঘদিন পর শাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ২০ জানুয়ারি। শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা ও প্রস্তুতি শুরু হলে ক্যাম্পাসের পরিবেশ উৎসবমুখর হয়ে উঠেছিল।

বিক্ষোভকারীরা অবিলম্বে ইসির এই স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ও হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। দাবি আদায় না হলে আগামীতে শাবিপ্রবি থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।