• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

জিএম কাদেরকে বের করে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিলেন রওশন এরশাদ , তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে চুন্নু

usbnews
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৪
জিএম  কাদেরকে বের করে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিলেন রওশন এরশাদ , তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে চুন্নু
নিউজটি শেয়ার করুনঃ

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন।

আজ (রোববার) দুপুরে গুলশানের বাসায় মতবিনিময় সভায় এ ঘোষণা দেন রওশন এরশাদ।

এছাড়াও জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

রওশন এরশাদ আরও বলেন, ‘জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হোক তা মেনে নিতে পারি না। জাপা ক্রান্তিকাল অতিক্রম করছে। জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নু দলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।’

রওশন এরশাদ তার বাসভবনের নিচে এ মতবিনিময় সভার আয়োজন করেন। এতে জাতীয় পার্টির বহিষ্কৃত, অব্যাহতিপ্রাপ্ত, স্বেচ্ছায় পদত্যাগকারী নেতা কর্মীরা অংশ নেন।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এবং রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ।

সিদ্ধান্ত ঘোষণার আগে জাপা থেকে অব্যাহতি পাওয়া প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম  রওশন এরশাদের উদ্দেশে বলেন, ‘দলের মধ্যে আবর্জনা পরিষ্কার আপনার নেতৃত্বে করতে চাই। আপনি জাপার হাল ধরবেন। জিএম কাদের ও চুন্নুকে দেশের নেতা-কর্মীরা নেতৃত্বে দেখতে চায় না। আজকে থেকে আপনাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।’

ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী বলেন, ‘বাড়ির দারোয়ানেরা এখন মালিক হতে চায়। আপনার নেতৃত্বে দল করেছি। এ সংকটে আপনাকে আবার এগিয়ে আসতে হবে।’

প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেন, দলের মধ্যে বর্গির হানা পড়েছে। আবার আপনাকে দায়িত্ব নিয়ে দল রক্ষা করতে হবে।

আরও উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান, সাবেক সংসদ সদস্য গোলাম সারওয়ার মিলন, জিয়াউল হক মৃধা, ভাইস চেয়ারম্যান আমানত হোসেন, জাহাঙ্গীর আলম, নুরুল হক, খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী, জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হক, এরশাদপুত্র ও দলের যুগ্ম মহাসচিব সাদ এরশাদ।

রওশন এরশাদ এমন সিদ্ধান্ত নেওয়ার কেউ না : সংবাদ সম্মেলনে চুন্নু

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন। আর জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব (জিএম কাদের পন্থি) মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘বিষয়টা আমরা আমলে নিচ্ছি না। কারণ তিনি এমন সিদ্ধান্ত নেওয়ার কেউ না। আমাদের গঠনতন্ত্রে তার এমন সিদ্ধান্ত নেওয়ার কোন অধিকার নেই।’

আজ রবিবার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে আজ রবিবার গুলশানে নিজ বাসভবনে জি এম কাদের বিরোধী নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টি থেকে জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও কো-চেয়ারম্যান রওশন এরশাদ। তিনি জানান, দলের গঠনতন্ত্রের ২০/১ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় তিনি পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশীদকে নতুন মহাসচিব ঘোষণা করা হয়।

এছাড়া নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে রওশন এরশাদ বলেন, ‘নেতাকর্মীদের অনুরোধে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিলাম। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মানুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করছি।’

তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়েছে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো- চেয়ারম্যান হওয়ায় আমি বেগম রওশন এরশাদ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছি।’

তার এমন ঘোষণার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় পার্টির মহাসচিব (জিএম কাদের পন্থি) মুজিবুল হক চুন্নু এক জরুরী সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেন।