ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি সভায় যোগ দিতে আজ সকালে পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সন্ধ্যায় হতে যাওয়া জরুরি সভায় আইসিসির অন্যান্য সদস্যদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। সূত্রের বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
সূত্রটি জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করবেন বুলবুল। পরে সন্ধ্যায় আইসিসির জরুরি সভায় যোগ দেবেন তিনি।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার সিদ্ধান্তে প্রথমে বিশ্বকাপ বয়কটের কথা শোনা যায় পাকিস্তানের তরফ থেকে। পরে দেশটির প্রধানমন্ত্রীর শেহবাজ শরীফ জানান, বিশ্বকাপে খেললেও তারা বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারত ম্যাচটি বয়কট করবেন। ইএসপিএনক্রিকইনফোর খবর, এমন পরিস্থিতিতে পিসিবির সঙ্গে কোনো ধরণের সংঘাতে যেতে চায় না আইসিসি। তাই বিষয়টি সমাধানে আলোচনা করতে চায় সংস্থাটি।