জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, এই জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে গেছে সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে। এই সিলেটবাসী সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি চায় না। প্রিয় সিলেটবাসী ভোট আপনাদের একটি পবিত্র আমানত। আগামী ১২ তারিখে ভোটের মাধ্যমে আপনাদের শাসক নির্বাচিত হবেন। আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে শাসক নয়, আপনাদের সেবক হিসেবে সর্বদা পাশে থাকবো। আমি সংসদে যেতে পারলে সিলেটকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং ভূমিদস্যুমুক্ত করব।
তিনি সোমবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে অনুষ্ঠিত প্রচারমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে সিলেট মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে এক প্রচারমিছিল বের করা হয়। মিছিলটি নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্ট অতিক্রম করে আম্বরখানায় গিয়ে শেষ হয়।
সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় প্রচারমিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ বলেন, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে, বিজয় দেখে আমাদের প্রতিপক্ষ আবোল তাবোল বকছে। একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এসব কিছু করে এই দাঁড়িপাল্লার জোয়ারকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আশাকরি সিলেটবাসী আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মাওলানা হাবিবুর রহমানকে সংসদে পাঠিয়ে তাদের রায় দিবে ইনশাআল্লাহ। যতই ষড়যন্ত্র হোক, যতই চক্রান্ত হোক, এদেশের জনগণ কোনোভাবেই মানবে না ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আপনারা আপনাদের ভোট দিবেন। মাওলানা হাবিবুর রহমান সংসদে গেলে এই সিলেটে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না।
এর আগে সোমবার সকালে নগরীর লামাবাজার, তালতলা এলাকায় দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান। বাদ জোহর কোর্ট পয়েন্ট থেকে নগরীর ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত গণসংযোগে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান। বিজ্ঞপ্তি