জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে গিয়ে জানতে চাইবো এতদিন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীকে কেনো গ্যাস থেকে বঞ্চিত রাখা হয়েছে। প্রবাসী অধ্যুষিত ও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দুটি উপজেলার সাথে এতদিন বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। আমাদের গ্যাস দিয়ে বাংলাদেশের কলকারখানা চলে অথচ এই অঞ্চলের মানুষ গ্যাস থেকে বঞ্চিত। এভাবে চলতে দেয়া হবেনা। তাই এই জনপদের দিনবদলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন।
তিনি আরও বলেন, খুব শীঘ্রই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দিনবদল হতে যাচ্ছে। আগামীদিনের সূর্যোদয় যেমন সত্য, দুই উপজেলার উন্নয়নও তেমন সত্য। আমি এমন এলাকা গড়ে তুলতে চাই যেখানে আপনি দরজা খোলা রেখে ঘুমাতে পারবেন, দোকান খোলা রেখে নামাজে যেতে পারবেন। আধুনিক, নিরাপদ ও মানবিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়তে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করুন। জনপ্রতিনিধি নয়, সেবক হিসেবে সর্বদা পাশে পাবেন ইনশাআল্লাহ।
তিনি সোমবার বিকালে বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বিয়ানীবাজারে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিন, মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফরিদ আহমদ ও ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, বিয়ানীবাজার পৌর জামায়াতের আমীর কাজী মুহাম্মদ জমির হোসেন, প্রবাসী কমিউনিটি নেতা মুহাম্মদ বাবুল খান, নুরুল ইসলাম, আবু বক্কর নাসিম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রব, এনসিপি সমন্বয়ক সুপ্রিয় বড়ুয়া ও সিলেট জেলা শিবিরের সেক্রেটারি আদিলুর রহমান। বিজ্ঞপ্তি