যুক্তরাষ্ট্রের মতো অভিযান চালিয়ে ফিল্মি কায়দায় ইসরায়েলের বিরুদ্ধে এক মুসলিম দেশ থেকে নেতাকে তুলে আনার অভিযোগ উঠেছে। লেবাবন জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে এক শীর্ষ নেতাকে অপহরণ করা হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেবাননের আল জামাআ আল ইসলামিয়া জানিয়েছে, দক্ষিণ লেবাননে সীমান্ত পেরিয়ে চালানো এক অভিযানে ইসরায়েল তাদের নেতা আতউই আতউইকে অপহরণ করেছে। এক বিবৃতিতে দলটি জানায়, ইসরায়েলি বাহিনী হাসবাইয়্যা জেলার তার বাড়ি থেকে আতউই আতউইকে ধরে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এ ঘটনাকে তারা ইসরায়েলি বাহিনীর ‘অনুপ্রবেশ’ বলে নিন্দা জানিয়েছে।
আল-জামাআ আল ইসলামিয়া দাবি করেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের সময় তারা ইসরায়েলের বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে।
২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ লেবাননে নিয়মিত সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। চুক্তি অনুযায়ী, ইসরায়েলের লেবাননের ভূখণ্ড থেকে সরে যাওয়ার কথা থাকলেও দেশটি এখনো পাঁচটি কৌশলগত এলাকা দখলে রেখেছে।
যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, হিজবুল্লাহকে ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তরে লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে যোদ্ধা প্রত্যাহার এবং সেখানে থাকা সামরিক অবকাঠামো অপসারণ করার কথা ছিল।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা একটি লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়ে একজন জ্যেষ্ঠ সন্ত্রাসীকে আটক করেছে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলের ভূখণ্ডে নেওয়া হয়েছে বলে জানানো হয়।
ইসরায়েলি বাহিনী আল জামাআ আল ইসলামিয়াকে অভিযুক্ত করে বলেছে, গোষ্ঠীটি উত্তর ইসরায়েলে দেশটির বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা চালিয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, সোমবার ভোর প্রায় ৪টার দিকে ইসরায়েলি সেনারা এলাকায় প্রবেশ করে আতউই আতউইকে অপহরণ করে। আতউই আতউই দক্ষিণ লেবাননের হিব্বারিয়াহ গ্রামের সাবেক মেয়র ছিলেন।
লেবানন এর আগেও অভিযোগ করেছে, সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল একাধিক লেবানিজ নাগরিককে অপহরণ করেছে। গত মাসে হিজবুল্লাহর সংসদ সদস্য হুসেইন হাজ্জ হাসান দাবি করেন, ইসরায়েল বর্তমানে ‘২০ জন লেবানিজকে’ আটক করে রেখেছে। তাদের মধ্যে ১০ জনকে যুদ্ধবিরতির পর লেবাননের ভেতর থেকেই অপহরণ করা হয়েছে।