• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় সিভিল প্রশাসনের সাথে সমন্বয় সভা করলেন বিজিবি মহাপরিচালক

Usbnews.
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় সিভিল প্রশাসনের সাথে সমন্বয় সভা করলেন বিজিবি মহাপরিচালক
নিউজটি শেয়ার করুনঃ

সারাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ সুনিশ্চিত করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের মাঠ পর্যায়ের সক্ষমতা ও আন্তঃবাহিনী সমন্বয় বৃদ্ধি করছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর শীর্ষ পর্যায় থেকে সরাসরি তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ২০২৬ তারিখে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলা সফরের মধ্য দিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এই নিরাপত্তা ব্যবস্থার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেছেন।

বিজিবি মহাপরিচালক সকালে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ এবং দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্পগুলো পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় সিভিল প্রশাসন, পুলিশ, র‍্যাব এবং জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় মিলিত হন। সভায় তিনি বাহিনীর কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।” তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

বিজিবির বিশাল কর্মযজ্ঞের তথ্য তুলে ধরে জানানো হয় যে, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ নিরাপদ রাখার পাশাপাশি সারা দেশের ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সাতক্ষীরা ও চুয়াডাঙ্গাসহ সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে এবং ৩০০টি সংসদীয় আসনে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF), র‌্যাপিড অ্যাকশন টিম (RAT), বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি-অন ক্যামেরা ব্যবহারের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি থাকায় মাঠ পর্যায়ের সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে মহাপরিচালক বলেন, “ভোটারগণ যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।” তিনি বিজিবির প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং কোনো দুষ্কৃতিকারী যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য শক্ত ও দৃঢ় অবস্থান নেওয়ার নির্দেশ দেন। যশোর রিজিউন, খুলনা ও কুষ্টিয়া সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমন্বয় সভা ও পরিদর্শন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সদর দপ্তর বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে ভোটারদের নিরাপত্তার বিষয়ে বিজিবির দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।