• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

জুলাই সনদের সম্মিলিত সিদ্ধান্তের নীতিতেই আছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

Usbnews.
প্রকাশিত মার্চ ১, ২০২৬
জুলাই সনদের সম্মিলিত সিদ্ধান্তের নীতিতেই আছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজটি শেয়ার করুনঃ

সরকার জুলাই সনদের সম্মিলিত সিদ্ধান্তের নীতিতেই আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘জুলাই ছাত্র গণ-অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের সুরক্ষা দেওয়ার অধ্যাদেশ হয়েছে। আমরা তাতে সই করেছি এবং অঙ্গীকারবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নেব।’

রোববার (১ মার্চ) সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “‘সুরক্ষা অধ্যাদেশ’ নামে একটা অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার শেষ দিকে জারি করেছে। তার ভিত্তি ছিল জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি দফা। সেই দফাতে আমরা সবাই একমত হয়েছি, যে সমস্ত রাজনৈতিক দল জাতীয় সনদে স্বাক্ষর করেছে, তারা সবাই একমত হয়েছে।”

তিনি বলেন, ‘জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকারে আমরা সই করেছি এবং অঙ্গীকারবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নেব।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে সেনাবাহিনী মাঠে ছিল। সশস্ত্র বাহিনীর মাঠে থাকার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে ঠিক করা হবে। তারাও মাঠে থাকতে চায় না। আইনশৃঙ্খলার অবস্থা বিবেচনা করে সশস্ত্র বাহিনী তুলে নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে।’

র‌্যাবের বিষয়ে তিনি বলেন, ‘র‍্যাবের বিলুপ্তি কিংবা নাম পরিবর্তনের বিষয়ে বাস্তবতার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারেও নির্দেশনা জারি করা হয়েছে।